২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়িয়ে দেবে সব পণ্যের দাম: ফখরুল

গ্যাসের দাম বাড়ানোর ফলে বাজারে সব পণ্যের দাম বেড়ে যাবে দাবি করে তা প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 06:49 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এমনিতে একটা মূল্যস্ফীতি নিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। আমরা শুধু নয়, সকল অর্থনীতিবিদরা বলছেন যে, এটা একটা মেজর ক্রাইসিস। এটা যদি হ্যান্ডেল না করা যায় তাহলে আমাদের সামনে সমূহবিপদ। তারপরও সেই অবস্থা চিন্তা করল না তারা (সরকার)। তারা আবার গ্যাসের দাম বাড়িয়ে দিল।”

“আমরা কালকেও বলছি, কে কার কথা শোনে। আজকে আবার বলছি, গ্যাসের দাম আগের জায়গায় ফিরে যেতে হবে। প্রত্যেকটি ইউটিলিটি সার্ভিস পানি, গ্যাস, বিদ্যুতের মূল্য জনগণের সহনশীলতার মধ্যে রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি,” বলেন তিনি।

রোববার পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রান্নার গ্যাসের জন্য দুই চুলার (ডাবল বার্নার) মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০৮০ টাকা। এক চুলার মাসিক বিল ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করা হয়েছে। প্রিপেইড মিটারে প্রতি ইউনিটের খরচ ১২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা।

গ্যাসের এই দাম বাড়ানোর পেছনেও দুর্নীতির যোগ রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “গ্যাসের দাম বাড়ল সম্পূর্ণ তাদের দুর্নীতির কারণে। এক হচ্ছে তাদের ম্যানেজমেন্টট, তাদের অযোগ্যতা- এটা তাদের ব্যর্থতা।”

বিভিন্ন পদ্ধতিতে গ্যাস আমদানির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “সেখানে তাদের লোকেরাই জড়িত আছে। যেহেতু বিভিন্ন প্রকার গ্যাস তারা আমদানি করছে, বিক্রি করছে। এটাকে মোটামুটি স্টেবল রেখে তাদের মার্কেট যেন ঠিক থাকে। আর সরকারিভাবে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে জনগণের সাধারণের পকেট কেটে নিয়ে যাচ্ছে।”

গ্যাসের দাম বাড়ল ২২.৭৮%, দুই চুলায় দিতে হবে ১০৮০ টাকা  

নিত্যপণ্যের চড়া বাজারে মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে পড়ছে দাবি করে ফখরুল বলেন, “একজন রিকশাওয়ালার একটা বনরুটি খেতে ১৫ টাকা লাগে। তার সাথে এক কাপ চা। তার মানে তার মিনিমাম ২৫ টাকা লাগে একটা খাদ্যদ্রব্যের জন্য। এটা তারা (সরকার) বুঝতে চান না।

“তারা ( সরকার) শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বাস করে, ১৫ বছরের ক্ষমতায় থাকার যে একটা আনন্দ-সুখ, সেটাকে তারা সুখময় জীবন-যাপন করছেন। সাধারণ মানুষের যে কষ্ট তা তারা বুঝতে চান না।”

দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি সরকারের উদ্দেশে বলেন, “আমি তো বলি, তারা আসুক এই দুপুরে রোদ্রের মধ্যে, সাধারণ মানুষের সাথে গাছের তলায় গিয়ে দোকানে চা খাক, বনরুটি নিক, তখন কী অবস্থা দাঁড়ায় দেখুক।”