সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড তদন্তে 'নিরপেক্ষ কমিশন' চান ফখরুল
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণ ঘটনা তদন্তে ‘নিরপেক্ষ কমিশন’ করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, “আমি মনে করি, এই ঘটনার জন্য অবিলম্বে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা উচিত। এর জন্য যারা দায়ী, তাদের খুঁজে বের করা দরকার।”
শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের প্রাণহানি হয়েছে, আহত ও দগ্ধ হয়েছেন দুই শতাধিক মানুষ।
সেই প্রসঙ্গ ধরে ফখরুল বলেন, “কী ভয়াবহ! মানুষের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে অগ্নিদগ্ধ হয়ে গেছে চিনা যাচ্ছে না। হঠাৎ করে যে বিস্ফোরণ হবে- এটাও তারা বুঝতে পারেনি। যার ফলে এই ঘটনাগুলো ঘটেছে।"
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দেশের সব কন্টেইনার ডিপোতে 'তদারকি ব্যবস্থা' চালুর দাবি জানান এই বিএনপি নেতা।
ফখরুল বলেন, “আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত।… আমি কিন্তু এখন পর্যন্ত অতীতের কোনো ঘটনার তদন্ত প্রতিবেদন দেখিনি। আমরা যখন নিরপেক্ষ কথাটা বলি, এটা মিন করি যে, দল নিরপেক্ষ এবং সরকারের সঙ্গে সম্পর্ক নাই যারা এক্সপার্টস আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, সত্যিকার অর্থে বিষয়গুলো যারা বোঝেন, তাদেরকে দিয়ে তদন্ত করা। দল নিরপেক্ষদের দিয়ে তদন্ত করতে হবে।"
সরকার অবকাঠামো নির্মাণের নামে ‘নিজেদের পকেট ভারী’ করছে অভিযোগ তুলে ফখরুল বলেন, "এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, সেই কারণে তাদের জবাবদিহিতা নেই।”
বিএনপি মহাসচিবের মতে, সীতাকুণ্ডের ঘটনায় দেশের পোশাকশিল্পে এবং অর্থনীতিতে ‘নেতিবাচক প্রভাব’ পড়বে।
“অলরেডি এ নিয়ে কথা-বার্তা শুরু হয়েছে। কারণ তাজরীন ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরিগুলো এবং রানা প্লাজার ঘটনায় গার্মেন্টসে যেভাবে একটা নেগেটিভ অবস্থায় এসেছিল।… পরবর্তীকালে যারা বায়ারস ছিল, বা বিদেশিরা বাংলাদেশের সঙ্গে কেনাকাটা করে, তাদের সহযোগিতায় আমাদের গার্মেন্টস প্রডিউসার ও মালিকদের আগ্রহের কারণে সেই ব্যাপারটা অনেকটা কাটিয়ে এসেছে।"
কিন্তু ওইসব দুর্ঘটার পরও 'নিরাপত্তা সেভাবে জোরদার হয়নি’ মন্তব্য করে ফখরুল বলেন, “এ ধরনের অগ্নিকাণ্ডগুলো ঘটছে, সেইগুলো নিয়ন্ত্রণ করার মত প্রয়োজনীয় যে লোকবল, প্রয়োজনীয় যেসব উপকরণ, সেসব নাই।”
‘সরকারের ব্যর্থতায়’ সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ঘটেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সম্পূর্ণভাবে তাদের ব্যর্থতার জন্য।”
সীতাকুণ্ডের ঘটনায় 'জাতীয় শোক দিসব' ঘোষণা করা উচিত ছিল বলেও মনে করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে বিদেশি রাষ্ট্রের উদাহরণ টানেন তিনি।
“অন্যান্য যে কোনো সভ্য দেশ হলে তাই করত। আমেরিকায় যে বাচ্চাগুলো মেরে ফেলল, তখনই আমেরিকা জাতীয় শোক ঘোষণা করেছে।"
ক্ষমতাসীনদের সঙ্গে ‘জনগণের কোনো সম্পর্ক নেই’ এবং সরকার জনগণের ‘চাহিদা বা আশা ভরসা’ বুঝতেও পারে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, "ওরা জনগনের পালস বোঝে না, জনগণ কি চাচ্ছে, কী আশা করছে- সেগুলো নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা মনে করে আমরা বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছি...।তাদের একটাই লক্ষ্য, এদেশকে লুট করা।”
