২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের ওপর ‘দোষ চাপানোই’ আওয়ামী লীগের কাজ: ফখরুল

নিজেদের দায় অন্যের উপরে চাপানোই আওয়ামী লীগের ‘আসল চরিত্র’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2022, 08:07 PM

Updated : 14 Jul 2022, 05:47 PM

শনিবার ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আপনারা দেখেছেন যে, নিউ মার্কেটের ঘটনায় নাহিদ ছেলেটা যে নিউ মার্কেটের সংঘর্ষে প্রাণ দিয়েছে সে একজন কুরিয়ার সার্ভিসের ছোট কর্মচারী। সে ওই পথ দিয়ে যাচিছল তাকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে হেলমেটধারী সন্ত্রাসীরা।

“এখন আমাদের মিডিয়ার সাংবাদিকরা ইনভেস্টিজেশন করে দেখেছেন যে, তিন জনকে আইডেনটিফাই করা গেছে হেলমেটধারী যারা সন্ত্রাসী তারা তিন জনই ছাত্রলীগের কর্মী।”

উল্টেো বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “তিনি (মকবুল) শুধু গ্রেপ্তার হননি। আরও ২৪ জনের নাম দিয়ে মামলা হয়েছে। তারা সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতাকর্মী।

“এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। খুন করবে তারা, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়ির সামনে গিয়ে সেই অসুস্থ বিধবার সামনে ত্রাণ নিয়ে হাজির হবে।“

ফখরুল বলেন, “আপনি দেখেন, গোলখানা (লক্ষ্য) তাদের। তারা সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয়। ইতিপূর্বে তারা সন্ত্রাস করেছে, আগুন জ্বালিয়ে, ভাংচুর করেছে- নাম দিয়েছে বিএনপির এবং সেইভাবে অসংখ্য গায়েবি মামলা তারা দিয়েছে। এই গায়েবি মামলা, গুম, খুন, নির্যাতন দিয়ে এরা টিকে আছে। এই না হলে তারা টিকে থাকতে পারত না।

“টিকে আছে কাদের দ্বারা? যে রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলা, প্রশাসন, বিচার বিভাগ- এদের সহায়তা নিয়ে তারা ক্ষমতায় টিকে আছে।“

দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা তুলে ধরে তিনি বলেন, “করোনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারা ২৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে।“

এই সরকারের হাত থেকে মুক্তি পেতে তিনি দোয়া কামনা করেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম ও দফতর সম্পাদক ডা. ফখরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও একেএম আজিজুল হক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।