২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ ফের জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2022, 09:39 PM

Updated : 02 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার গণফোরামের ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বাংলা মোটরে রূপায়ন ট্রেড সেন্টারে ওয়াটারফল রেস্তোরাঁয় ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলন’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

এতে বিএনপি মহাসচিব বলেন, “আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া।

“এবং নিরপেক্ষ একটি সরকারের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করা। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে ‍পুনরুদ্ধার করি।”

২০ দলীয় জোটের বাইরে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- নুরুল আম্বিয়া), নাগরিক ঐক্য, বিকল্পধারাসহ কয়েকটি দলের নেতারা আলোচনায় অংশ নেন।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব বলেন, ‘‘জনগণ পরিষ্কারভাবে জানতে চায় কোনো গোজামিল নয়, আমরা কী করতে চাই, কীভাবে করতে চাই তা পরিষ্কারভাবে বলতে হবে। আসলে আমরা মাঠে নামলে জনগণ মাঠে নামবে।“

এ সরকারের অধীনে দেশে ‘অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না’ দাবি করে তিনি বলেন, “জাতীয় সমস্যাকে দলীয়ভাবে চিন্তা করলে সমাধান খুঁজে পাওয়া যাবে না। জাতীয় সমস্যা জাতীয়ভাবে সমাধানে জন্য জাতীয় সরকার দরকার।

“রাষ্ট্র সংস্কার ও সাংবিধানিক সংস্কারের জন্য জাতীয় সরকার করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অতত্রব যারা জাতীয় সরকারে বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতনে আন্দোলন শুরু করতে হবে। জনগণ মাঠে নামলে এ সরকার এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না।”

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় জাসদের শরীফ নুরুল আম্বিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, পিপলস পার্টির বাবুল সরদার চাখারীসহ গণফোরামের নেতারা বক্তব্য রাখেন।