২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্য তুলে ধরুন: তথ্যমন্ত্রী

দেশের সাফল্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2022, 12:13 AM

Updated : 02 Aug 2022, 01:18 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (চবিসাফ) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, “ক্রান্তিকাল পরবর্তী সময়ে ইউক্রেইন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর মধ্যেও সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালের তুলনায় বাংলাদেশে ২০২১ সালে দারিদ্র্য ০.৬ শতাংশ কমেছে।

“বিশ্ব ব্যাংক এত যাচাই-বাছাই করে রিপোর্ট করে, তারপরও তারা যে আমাদের প্রশংসা করেছে, বিশ্বের অস্থিরতার মধ্যেও বাংলাদেশ যে অকল্পনীয় প্রবৃদ্ধি অর্জন করছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্য হার কমছে -এ বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই। কারণ সাফল্যের চিত্র আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়। স্বপ্নহীন মানুষ যেমন এগুতে পারে না, স্বপ্নহীন জাতিও এগোতে পারে না। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি জাতিকে এগিয়ে নিতে সাফল্যের চিত্রও তুলে ধরতে হবে।”

শাহীন-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন।