২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য নিয়ে ‘মনগড়া রিপোর্ট’ হয়েছে: তথ্যমন্ত্রী

করোনাভাইরাস মহামারীতে দারিদ্র্য নিয়ে কিছু ব্যক্তি ও কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট’ প্রকাশ করেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2022, 05:02 PM

Updated : 14 Jul 2022, 05:42 PM

শনিবার ঢাকার মিন্টো রোডে নিজের সরকারি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, মহামারীর গত দুই বছরে দেশের দারিদ্র্য ‘অনেক কমেছে’।

“সম্প্রতি বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশে দারিদ্র্য শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। দারিদ্র্য যেখানে আগে ১২ শতাংশের একটু উপরে ছিল, সেটি এখন ১১.৮৯ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।”

হাছান মাহমুদ বলেন, “অথচ আমরা দেখেছি, গত এক-দুই বছরে বাংলাদেশের তথাকথিত কিছু ব্যক্তি, কিছু গবেষণা প্রতিষ্ঠান, কিছু সিভিল সোসাইটির প্রতিষ্ঠান বারবার তারা নানা ধরনের মন্তব্য করছে, রিপোর্ট প্রকাশ করছে যে, করোনায় বাংলাদেশের দারিদ্র্য বাড়ছে।

“তাদের এই রিপোর্টগুলো যে মনগড়া ছিল, উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে ছিল, তা বিশ্ব ব্যাংকের রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রমাণিত হয়েছে।”

তিনি বলেন, “আমরা এও দেখেছি, বিভিন্ন পত্র-পত্রিকায় দারিদ্র্য নিয়ে এমন রিপোর্টও করা হয়েছে, যে দারিদ্র্য বাড়ছে, কিন্তু বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে উল্টো কথা। বাংলাদেশের দারিদ্র্য কমছে। সুতরাং যে প্রত্রিকা এবং যারা এ ধরনের রিপোর্ট প্রকাশ করেছেন, আশা করি এখন তারা সতর্ক হবেন।”

মহামারীকালে দেশের জিডিপি বেড়েছে দাবি করে হাছান মাহমুদ বলেন, “মহামারীর মধ্যে ২০২০-২১ সালে পৃথিবীর মাত্র ২০টি দেশের পজেটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে। তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের আগে দুটি দেশ একটি সাউথ সুদান আরেকটি গায়েনা, যেগুলোর অর্থনীতির আকার এবং জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম।

“সুতরাং ২০২০-২১ সালে বাংলাদেশেকে জিডিপি গ্রোথ রেটে এক নম্বর বলা চলে এবং বিশ্ব ব্যাংকের রিপোর্টও বলে চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৪, আগামী বছর ৬ দশমিক ৮ শতাংশ হবে। আমরা আশা করি এর চেয়ে বেশি লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব।”

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যে বক্তব্য প্রাতিনিয়ত দিচ্ছেন, এগুলো গতানুগতিক বক্তব্য। তাদের রাজনীতিটা গতানুগতিক বক্তব্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

“তাদের রাজনীতি তিনটি বিষয়েরে মধ্যে আবর্তিত। খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক জিয়ার শাস্তি এবং তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই। এর মধ্যেই তাদের বক্তব্য আবর্তিত হচ্ছে। বিরোধীদল হিসাবে যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা বিএনপি সেটা পালন করতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হচ্ছে।”