২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে ‘সমৃদ্ধির অগ্রযাত্রা’ অব্যাহত রাখার অঙ্গীকার ওবায়দুল কাদেরের

পহেলা বৈশাখে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়ানোর প্রত্যয় জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2022, 05:29 PM

Updated : 02 Aug 2022, 03:22 PM

বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবার বৈশাখ এসেছে রমজান মাসে, তাই দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি আবহমানকাল থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

“বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ধর্মের নামে কোনোরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না। আসুন নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।“

পহেলা বৈশাখে ওবায়দুল কাদের অঙ্গীকার করেন, আওয়ামী লীগকে সুশৃঙ্খল, সুসংগঠিত, আরও আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখবেন তারা।

“আগামী নির্বাচন সামনে রেখে, জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে, আওয়ামী লীগের সকল কার্যক্রম এগিয়ে নেওয়াই আজকের দিনের অঙ্গীকার। আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গীকৃত চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায়, ইতিবাচক ধারাকে আরও বলিষ্ঠ ও বেগবান করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।“

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “নানা বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, তাই আসুন ঐক্যবদ্ধভাবে দেশের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেগবান করি।”