ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করুন: ফখরুল
সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করুন, নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে তিনি এমন কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তিনি (ওবায়দুল কাদের) বলেছেন যে, আমাদেরকে নাকি তওবা করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি ওনাকে বলতে চাই, জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান আপনাদের কৃতকর্মের জন্য।
“যে মানুষ হত্যা করেছেন, আজকে যাদেরকে অত্যাচার-নির্যাতন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি গণতন্ত্রের মাতা, তাকে অন্যায়ভাবে আটক করে রেখেছেন।”
এসময় তিনি দাবি করেন ৩৫ লাখ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এছাড়া ছয়শর বেশি মানুষকে গুম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
“যে অন্যায় করেছেন, সেই পাপের জন্য জনগণের কাছে করজোরে ক্ষমা ভিক্ষা চান এবং ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন।
“অন্যথায় যে কথা আমাদের ইবরাহিম ভাইয়েরা ( সৈয়দ মুহাম্মদ ইবরাহিম) বলেছেন, ফজলু ভাইয়েরা (অ্যাডভোকেট ফজলুর রহমান) বলেছেন যে, পালাবার পথ খুঁজে পাবেন না।”
জাতীয় ঐক্যের আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আহবান জানিয়েছি সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক শক্তিকে-ব্যক্তিকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে-আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।”
“আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত হয়ে আছেন তাকে মুক্ত করি।
“৩৫ লক্ষ নেতা-কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে তাকে প্রত্যাহার করি এবং দেশে সত্যিকার অর্থেই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি।”
‘জিনিসের দাম বাড়িয়ে নেবার ষড়যন্ত্র’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সুলভ মূল্যের পণ্যের জন্য টিসিবির ট্রাকের সামনে মানুষ ‘আহাজারি করছে’ উল্লেখ করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন মির্জা ফখরুল।
আলোচনাসভায় তিনি বলেন, “আবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে নেবার ষড়যন্ত্র তারা করেছে জনগণের পকেট কেটে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে।
“প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই সরকার, তাদের মদদপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে জনগণকে পুরোপুরিভাবে একটা দুঃসহ অবস্থার মধ্যে ফেলেছে।”
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিজুর সঞ্চালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির আমানউল্লাহ আমান, পেশাজীবী নেতা ফজলুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, আব্দুল কুদ্দুস, এম আবদুল্লাহ, গোলাম হাফিজ কেনেডী, শামসুল আলম, এমতাজ হোসেন, ডা. রফিকুল ইসলাম, আবদুল হালিম, নুরুল আমিন রোকন, রফিকুল ইসলাম, একেএম জহিরুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন, জাকির হোসেন, জাহানারা সিদ্দিকী, ফখরুল আলম, বিপ্লব উজ্ জামান বিপ্লব, তানভীরুল আলম বক্তব্য রাখেন।
