ইসির সংলাপে সুশীল সমাজেরও ‘আগ্রহ নেই’: ফখরুল
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্বাচন কমিশন যে সংলাপ করছে, তাতে সুশীল সমাজেরও ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, “আপনারা দেখছেন, এই যে অনুপস্থিতি (ইসির সংলাপে)… দেখে বুঝতে পারেন যে, আসলে এটাতে যারা সুশীল সমাজ, তাদেরও কোনো আগ্রহ নেই এবং সেটা অভিজ্ঞতার কারণে।
“গত দুইটা-তিনটা নির্বাচন এবং একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে, যেটা হচ্ছে যে, সরকার যদি নিরপেক্ষ না থাকে, নির্বাচনের সময়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়।”
পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় ধাপে মঙ্গলবার সকালে ঢাকায় নির্বাচন ভবনে অন্তত ১৫ জন আমন্ত্রিত প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন। এই সংলাপে মতামত দেওয়ার জন্য ৪০ জনকে আমন্ত্রণ জানানো হলেও তাদের অর্ধেকই এদিন আসেননি।
সংলাপে বিএনপির না যাওয়ার কথা জানিয়ে ফখরুল বলেন, “আমরা আগেই বলেছি যে, কোনভাবেই এই ইসি গঠন প্রক্রিয়া বা কোনো কিছুর (সংলাপ) মধ্যে আমরা নেই… থাকব না।
“যত ভালো ইসি হোক না কেন, ইসির পক্ষে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। যদি নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়। সেজন্য আমরা এটাতে (সংলাপ) আগ্রহী নই।”
ফখরুল বলেন, “কাকে ডাকল, কাকে ডাকল না। তারা কী বলছেন, কারা যাচ্ছেন না…। আমাদের একটাই মাত্র দাবি, সেটা হচ্ছে যে, নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের উপস্থিতি।”
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ‘গণবিরোধী’
মির্জা ফখরুল বলেন, “ইতোমধ্যে আপনারা দেখেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে যে আন্দোলনটা করছি, সেখানে কিন্তু গ্যাস, বিদ্যুত ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদটা রয়েছে। আমরা যে কোনো রকমের গ্যাস-বিদ্যুত-পানির মূল্য বৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং এই ধরনের মূল্য বৃদ্ধির উদ্যোগকে আমরা মনে করি গণবিরোধী উদ্যোগ।
“সারাদেশের মানুষের এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। সেখানে যদি আবারও পানি-বিদ্যুত-গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে আবার কিন্তু সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এটার একটা ইন্টারলিংক আছে। আমরা কোনো মতেই এটা সমর্থন করি না। “
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে নিন্দা জানিয়ে ওই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান বিএনপির এই নেতা।
জিয়া পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ফখরুল। জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস ও মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক আবদুল কালাম আজাদ, অধ্যাপক শফিকুল ইসলাম, আবদুল্লাহ হিল মাসুদ এ সময় উপস্থিত ছিলেন।
