২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ‘দুর্নীতির’ কারণেই দাম বাড়ছে: ফখরুল

সরকারের ‘দুর্নীতির’ কারণেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 05:30 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

তিনি বলেছেন, “চালের দাম, তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ একটাই, আপনারা সব লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন।

“আর যারা দাম বাড়াচ্ছে তারা সব আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের লোক।”

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “সারা দেশ চিৎকার করছে, সারা দেশের মানুষ বলছে যে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। তাতে কিছু যায় আসে না; না, ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

“প্রধানমন্ত্রী বললেন কী? রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এটা আমাদেরকে দাম বাড়িয়ে দিয়েছে। এটা আরেকটা মিথ্যা কথা, না? কারণ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে।”

টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের ‘দুরাবস্থার’ কথা জানিয়ে বিএনপি মহসাচিব  বলেন, “তারা বলছে, আমি যখন সোয়াবিন তেল কিনতে পারি না, আমি যখন চাল কিনতে পারি না, আমি যখন চিনি কিনতে পারি না, লবণ কিনতে পারি না, পেঁয়াজ কিনতে পারি না। বাসায় ফিরে গিয়ে আমার বাচ্চাগুলোর মুখে কী দেব সেই চিন্তায় যখন পাগল হয়ে যাই তখন এই আপনাদের পদ্মাসেতু, উড়াল সেতু আর উন্নয়ন দেখে কি কোনো লাভ আছে? এটাই হচ্ছে সাধারণ মানুষের মনের কথা।”

মূল্য বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ‘অসহায় হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেন তিনি।

“এই যে করুণ অবস্থা সাধারণ মানুষের এই সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে চমৎকার চমৎকার জায়গায় এদিকে ফুল ওদিকে ফুল নিয়ে বসে তারা বক্তৃতা দেয়, বিবৃতি দেয়।

“কী বলে? আরে দাম তো একটু সারা বিশ্বেই বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে।”

ক্রয় ক্ষমতা কাকে বলে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, “ক্রয় ক্ষমতা কাকে বলে ভাই? ক্রয় ক্ষমতা মানে সিঙ্গাপুর, ব্যাংকক, টরেন্টো, নিউইয়র্কে যারা কেনাকাটা করে অথবা বাড়ি কিনেছে তাদের ক্রয়ক্ষমতার কথা বলছেন? নাকি আমাদের অসহায়-নিরীহ মানুষ ও কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কথা বলছেন। আমার কৃষক ভাইয়ের তো ক্রয় ক্ষমতা বাড়েনি।

“তাদের মন্ত্রীরা বলেন, বিশেষ করে যারা অর্থনীতির দায়িত্বে আছেন। অর্থমন্ত্রী আছেন একজন, তিনি অতীতে… এবং একজন পরিকল্পনা মন্ত্রী আছেন তিনি একজন আমলা ছিলেন। তিনি বলেন, হ্যাঁ দাম বেড়েছে, কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে যেখানে মুদ্রাস্ফীতি অনেক কম।”

ফখরুলের ভাষায়, “আমরা সাধারণ মানুষ কী মুদ্রাস্ফীতি বুঝি? সাধারণ ভাষায় হচ্ছে দাম বাড়া, দাম বাড়াটাই মুদ্রা স্ফীতি। আমার একদম সোজা কথা, এই দাম বাড়ল কেন? কারণ আপনারা (সরকার) সব চুরি করতে শুরু করেছেন।

“চুরি বললে ভুল হবে ডাকাতি, ডাকাতি। এসব সাধারণ ডাকাত নয়, বর্গীদের ডাকাতি…। এটা বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়েও মোটা। এই সরকার স্বাধীনতাবিরোধী সরকার, এই সরকার জনগণবিরোধী সরকার, এই সরকার কৃষকবিরোধী সরকার, এই সরকার শ্রমিকবিরোধী সরকার। মানুষের জন্য এদের কোনো দায়বদ্ধতা নেই।”

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি যদি ভোটে না যায়, কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তাহলে অতল জলে ডুবে যাবে।”

“ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই- এত ভয় কেন নিরপেক্ষ সরকারে? এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে না বিএনপি ডোবে।”

“মানুষ বুঝে গেছে আপনাদের চালাকি, ছক বুঝে গেছে। এজন্য যারা অতীতে আওয়ামী লীগে ভোট দিয়েছিল তারা এখন বলতে শুরু করেছে ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না’।”

সরকারের জিডিপির হিসাব ‘ভুয়া’ দাবি করে ফখরুল বলেন, “…হিসাব অনুযায়ী এই জিডিপির ৪২% হচ্ছে ঋণ। অর্থাৎ আপনাকে, আমাকে, আমাদের সকলকে ঋণের জর্জরিত করে দিচ্ছে। আমাদের পকেট থেকে টাকা কেটে ওই সারচার্জ, অমুক চার্জ, তমুক চার্জ নিয়ে আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। এই সরকার যদি বেশি চলে আমরা কি টিকতে পারব? আমাদের অস্তিত্ব থাকবে? থাকবে না।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “এখন আর কোনো কথা নাই, একটাই কথা। এখন সরে দাঁড়াও, সরে যাও। অনেক হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছ, অনেক নেতাকর্মীদের গুম করেছ, ৩৫ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছ।

“মানে মানে সরে যান। ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, কৃষক দলের নাসির হায়দার, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, আনম খলিলুর রহমান, ওমর ফারুক শাফিন, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।