দাম বাড়াতে ব্যবসায়ীদের ‘উসকানি দিচ্ছে’ বিএনপি: তথ্যমন্ত্রী
বিএনপি নেতারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের ‘উসকানি দিচ্ছেন’ বলে অভিযোগে করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “করোনা এবং ইউরোপে যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা অনেক দূরে হলেও সেখানে এবং ভারত, পাকিস্তানেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।
“ইউরোপের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি, কিছু আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে। মির্জা ফখরুল সাহেবরা এগুলো জানেন, জেনেও তারা অন্ধের মত, আহম্মকের মত কথা বলেন। তারা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উসকানি দিচ্ছে।”
‘অসাধু’ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী যখন সুযোগ পায়, তখন দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করে; সরকার সেটার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে। একই সাথে টিসিবির আওতা বাড়িয়ে নিম্ন আয়ের মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পারে, সে ব্যবস্থাও সরকার করেছে।
“আর মির্জা ফখরুল সাহেবরা তাদের ঘরানায় ব্যবসায়ীদের উৎসাহ-পরামর্শ দিচ্ছেন দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য। তারা দলগতভাবে এই কাজ নিয়েছেন এবং সমুদ্রের ওপার থেকেও কিছু কিছু ব্যবসায়ীকে বাতাস দেওয়া হচ্ছে- যাতে পণ্য মওজুদ করে দ্রব্যমূল্য বাড়ে। সরকার সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
এর আগে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে উঠে আসা জাপানকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু দ্রুত উন্নয়নের এক অনন্য উদাহরণ হিসেবে দেখতেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ যেন জাপানের মত অল্প সময়ে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে।
“কিন্তু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ায় তার অনেক স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সভায় স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে একটি স্মারক দেন জাপানের রাষ্ট্রদূত।
খাদ্যপণ্যের সংকট সৃষ্টি করলে ব্যবস্থা
সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠানে হাছান মাহমুদ জানান, যারা কৃত্রিমভাবে খাদ্যপণ্যের সঙ্কট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
“অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়িয়ে দেশবিরোধী কাজ করছে, একইসাথে বিএনপিও দেশবিরোধী কাজ করছে। বিএনপি আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছে পণ্যের মূল্য বাড়ানোর জন্য। আমরা নজর রাখছি। সরকার কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। নয়া পল্টনের অফিসে বসে গত ১৩ বছর ধরেই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন তারা। কিন্তু তাদের ঘণ্টায় মানুষ সাড়া দেয় নাই।
“১৩ বছর ধরেই এই বিদায় ঘণ্টার মধ্যেই আছি আমরা। আরও কত বছর তাদের এই বিদায় ঘণ্টা বাজাতে হয় সেটি জনগণ ঠিক করবে। তাদের ঘণ্টা বাজানোর মধ্যেই আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। যারা বিভ্রান্তির চেষ্টা চালায়, তাদের চিহ্নিত করুন, তাদের বর্জন করুন।”
হাছান বলেন, “সমগ্র পৃথিবী আজকে বাংলাদেশের বদলে যাওয়ার প্রশংসা করছে, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ প্রশংসা করতে পারে না। বাংলাদেশে একটি দল আছে বিএনপি এবং তাদের মিত্ররা এই উন্নয়ন দেখে না। তারা দেখেও না দেখার ভান করে। মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে তারা নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।”
চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত বইমেলার সমাপনী, একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মুমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন বই মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু।
