২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া এখন পর্যন্ত গৃহবন্দি হয়ে আছেন: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও ‘গৃহবন্দি হয়ে আছেন’ মন্তব্য করে তাকে মুক্ত করার আহ্বান জানিয়ে ‘সরকার হটাতে’ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 08:45 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এমন আহ্বান জানান।

আন্দোলনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত গৃহবন্দি হয়ে আছেন, তাকে মুক্ত করি। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত অবস্থায় আছেন, তাকে ফিরিয়ে নিয়ে আসি।

“আমাদের বিরুদ্ধে ৩৫ লাখ মিথ্যা মামলা আছে, সেগুলোকে প্রত্যাহার করে একটা শান্তি সমৃদ্ধ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি- এটাই হোক আমাদের একমাত্র প্রত্যায়, একমাত্র অঙ্গীকার।”

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্ত থাকার মধ্যে অসুস্থ হয়ে এক টানা ৮১ দিন হাসপাতালে থাকার পর গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফেরেন।

বাড়ি ফিরেছেন খালেদা; এখনও সুস্থ নন, বলছেন চিকিৎসকরা  

বিএনপি মহাসচিব বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান জানাতে চাই, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, আমি আহ্বান জানাতে চাই, আমাদের সমস্ত গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে যে, আসুন বৃহত্তর স্বার্থে দেশকে রক্ষার জন্য আমরা সব ঐক্যবদ্ধ একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি।”

সরকারের বিরুদ্ধে নিপীড়ন-নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদের (সরকার) পার্থক্য কোথায়? তারাও (পাকিস্তানিরা) এই রাষ্ট্রের এই অঞ্চলের মানুষকে হত্যা করেছে।

“আজকে এরাও একইভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে…। কোন জায়গায়, কোন সেক্টরে কোন খাতে তারা এদেশের মানুষের জন্য শুভ উদ্যোগ দেখিয়েছে, কেউ বলতে পারবেন না।”

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আজকে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে, নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে।

“কেউ নিরাপদ নয়, ন্যায় বিচার পাচ্ছে না মানুষ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিএনপির স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন দলটির মহাসচিব।

অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, “যত বড় দল হোক, কোনো স্বৈরাচারকে এককভাবে পরিবর্তন করা যায় না। ওরা আপসে যাবে না, সম্মানের সাথে যাবে না।

“যদি না যায়, তাহলে ওদেরকে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। সেটা কীভাবে? সেই ব্যবস্থাটা এককভাবে নয়। বিদ্যমান অবস্থায় দ্রুততম সময়ে নূন্যতম কর্মসূচির ভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে হবে।

“আন্দোলনকারী শক্তি নিয়ে এই জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকারের রূপরেখা, মেয়াদ এবং করণীয় সব কিছু ঠিক হবে ঐক্যমত্যের ভিত্তিতে। কোনো একক ব্যক্তি বা দল নির্ধারণ করবে না।”

সরকারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ করে তিনি বলেন, “আমরা শুধু আদম রপ্তানি করবো আর বিদেশ থেকে টাকা আনবো আর সরকার সেটা বিদেশে নিয়ে যাবে, লুটপাট করে খাবে এটার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই।

“স্বাধীনতা যুদ্ধের সকল ইতিহাস একটা পরিবারের কাছে বিলীন হয়ে গেছে। পারলে বোধ হয় বাংলাদেশের নামটাই বদলায়ে ফেলে।”

বিএনপির জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনাসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাহবুবউল্লাহ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।