পরিস্থিতি এখন ‘হীরক রাজার দেশে’র মতো: ফখরুল
বাংলাদেশের বর্তমান অবস্থাকে উপেন্দ্রকিশোর রায়ের গল্প থেকে নির্মিত সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’র সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ নানা ঘটনা তুলে ধরে বলেন, “হীরক রাজার দেশে এসব ঘটনাগুলোই ঘটিয়েছিল হীরক রাজা।”
বিএনপি মহাচিব বলেন, “তারা (সরকার) জিনিসপত্রের দাম কমাতে পারবে না। কারণ তাদের নেতারা সিন্ডিকেট করে, পকেট ভারী করে। দুর্নীতি করে সমস্ত দেশকে তারা ভরে দিয়েছে।”
এই চিত্র বদলাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মা-বোনদের টিসিবির ট্রাকের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে, আমাদের যেসব ভাইরা গুম হয়ে গেছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
“হীরক রাজা একটা বড় মূর্তি বানিয়েছিল, এটা যেদিন উদ্বোধন করবে, সেইদিন সব মানুষ ওই মূর্তিতে দড়ি লাগিয়ে বলল- দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান। আমাদেরকেও দড়ি ধরে টান মারতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এই সরকারকে হটাতে হলে সকলকে অলিগলি, পাড়ামহল্লায় ছড়িয়ে পড়তে হবে; যার যার পাড়া-মহল্লায় একত্রিত হয়ে নামতে হবে।
“শুধু প্রেসক্লাবের সামনে সমাবেশ করলে সরকার দীর্ঘস্থায়ী হবে, আন্দোলনও দীর্ঘায়ু হবে। আমরা বক্তৃতাও সংক্ষেপ করতে চাই, সরকারের মেয়াদও সংক্ষেপ করতে চাই। আর সেজন্য দরকার কঠোর আন্দোলন, রাজপথের আন্দোলন।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাদরেজ জামানের পরিচালনায় সমাবেশে বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আমিনুল হক, আনিসুর রহমান তালুকদার খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা গোলাম সাওয়ার, বিথিকা বিনতে হোসাইন, আনু মোহাম্মদ শামীম আজাদ, ইয়াসীন আলী, রফিক হাওলাদার, ফখরুল ইসলাম রবিন, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ বক্তব্য রাখেন।
