২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের নেতৃত্বেই ‘ক্ষমতার পরিবর্তন’ আশা ফখরুলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘রাজনীতি ও দর্শনের প্রতীক’ আখ্যায়িত করে ‘খুব কম’ সময়ের মধ্যেই তার নেতৃত্বে ‘ক্ষমতার পরিবর্তন’ হবে বলে আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 06:49 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নসরুল হামিদ মিলনায়তনে তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনাসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন “জনাব তারেক রহমান সাহেব একজন ব্যক্তি নন। তিনি হচ্ছেন একটা রাজনীতির প্রতীক, তিনি হচ্ছেন একটি দর্শনের প্রতীক।

“আমরা বিশ্বাস করি শুধু নয়, আমরা এখন আস্থাশীল যে, অতি অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ-সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই দেশকে মুক্ত করতে সক্ষম হব।”

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, একই সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধি- এই জিনিসগুলোকে সামনে নিয়ে জিয়াউর রহমান সাহেব রাজনীতি শুরু করেছিলেন।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে নিয়ে গিয়েছিলেন এবং এখন সেই পতাকা তারেক রহমানের হাতে।”

জনগণের ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ-গণতান্ত্রিক দেশে পরিণত করতে হয় তাহলে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে জনগণের ঐক্য সৃষ্টি করা।

“সেই ঐক্য সৃষ্টি করতে হবে অবশ্যই আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। এখন আর সময় ক্ষেপণ করার সময় নেই।

“আসুন আমরা সবাই নিজেদেরকে সংগঠিত করি, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ করি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায় বলে এসময় দাবি করেন মির্জা ফখরুল।

“তারেক রহমানকে তারা (আওয়ামী লীগ) ভয় পায়- এটা বাস্তব। কেন ভয় পায়? তারেক রহমানের যে অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে সেই সাংগঠনিক দক্ষতার কারণে তিনি অতি অল্প সময়ের মধ্যে আজকে সারা বাংলাদেশে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে শুরু করেছেন। এটা তারা অতীতেও দেখেছেন।

“যখন তিনি দলের সিনিয়র যুগ্ম সচিবের দায়িত্ব নেন এবং যখন তিনি তৃণমূল পর্যায়ের সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেন তখন থেকে তাদের মনে হয়েছে যে, এই মানুষ যদি দেশে থাকে তাহলে তাদের কোনো অবস্থান থাকবে না।

“সেই কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে যত অপপ্রচার, যত মিথ্যা মামলা একটার পর একটা দিয়ে যাচ্ছে…।”

‘তারেকের গ্রেপ্তার দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ’

তারেক রহমানের গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “এটা ছিল দীর্ঘকালে যে সুগভীর চক্রান্ত যে, বাংলাদেশের সেই শক্তির উত্থান যেন না ঘটে।

“যেই শক্তি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম-গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারে যার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান...।”

এ কারণেই চক্রান্ত শুরু হয় দাবি করে তিনি বলেন, “জিয়াউর রহমান এই দর্শন আনার ফলে তিনি একই শত্রুতে পরিণত হয়েছিলেন এবং তাকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারনাটাকেই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল।

“প্রকৃতপক্ষে তারেক রহমান সাহেব গ্রেপ্তার, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার এবং সেই সময়ে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার, পরবর্তীকালে দুই বছরের চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা এই সবই ছিল চক্রান্তের অংশ।”

এসবের সঙ্গে এক-এগারোর সংযোগ দাবি করে মির্জা ফখরুল বলেন, “এটা শুধু বিএনপির বিরুদ্ধে নয়, এটা ছিল সমগ্র বাংলাদেশি জাতির বিরুদ্ধে। মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে ‘ডি-পলিটিসাইজড একটা স্টেট’ তৈরি করা।”

উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনাসভায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহিরউদ্দিন স্বপন, শ্যামা ওবায়েদ, তাইফুল ইসলাম টিপু, সেলিমুজ্জামান সেলিম, ওবায়দুর রহমান চন্দন, ছাত্র দলের ফজলুর রহমান খোকন বক্তব্য রাখেন।