২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

এ দেশে হাজার বছর ধরে বসবাসকারীদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে পুঁজি করে যারা রাজনীতি করে, তাদেরকে বর্জন করতে হবে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 09:48 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শুক্রবার পুরান ঢাকার ঢাকেশ্বারী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ কখনও সাম্প্রদায়িকতাকে ‘প্রশ্রয় দেয় না’ মন্তব্য করে হাছান বলেন, “ওই অপশক্তি মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো চেষ্টা করে।

''দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা হচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রের যে চেতনা নষ্ট করা হয়েছে, সংবিধানকে যে ছিন্ন-বিছিন্ন করা হয়েছে; সে চেতনা ফিরিয়ে আনতে কাজ করে বর্তমান আওয়ামী লীগ সরকার এবং অনেক অর্জন অর্জিত হয়।“

১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যারা পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করছিল তাদের পরিত্যক্ত সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে।

সেই আইনের নাম আওয়ামী লীগ পরিবর্তন করেছে জানিয়ে হাছান বলেন, “আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন ন্যায্যতা ফিরে পান সে ব্যবস্থাও করেছেন বর্তমান সরকার প্রধান।”

সাম্প্রদায়িকতাকে আশ্রয় করে বেঁচে থাকা রাজনীতিকরা ‘মূলত ভারত ও হিন্দুবিরোধী’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তার ভাষায়, ''যারা সাম্প্রদায়িকতরার আশ্রয়ে রাজনীতি করে, তাদের মূল স্লোগান থাকে ভারতবিরোধী, বিশেষ করে হিন্দুবিরোধী। আর মাঝে মাঝে দেশে বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা হয়।

“সেই কারণে মাঝে মাঝে দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘটনা-দুর্ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়; কুমিল্লার ঘটনাও সেই পরিকল্পানার অংশ।''

তিনি বলেন, ''আপনাদের বলছি এই দেশ আপনাদের, এই দেশে শত শত বছর ধরে বাস করছেন। সুতরাং আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে; সরকার আপনাদের পাশে আছে।''

গতবছর দুর্গাপূজার সময়ের প্রসঙ্গ টেনে হাছান বলেন, “সরকার সেসময় তাদের পাশে থেকে পরিস্থিতি কঠোর হস্তে দমন করছে। আগামীতেও যে কোনো প্রয়োজনে আওয়ামী লীগ পাশে থাকবে।”

সাম্প্রদায়িকতা দমন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ''সরকার ও আওয়ামী লীগ মনে করে সাম্প্রাদায়িকতা, সাম্প্রদায়িক অপশক্তি- রাষ্ট্রের বিকাশের শত্রু, উন্নয়নের শত্রু।

“আপনারা জানেন কারা সাম্প্রদায়িক রাজনীতি করে, কারা সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে রাজনীতি করে; যারা এদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়- তাদেরকে জোটের মধ্যে রেখেছে। সুতরাং তাদের ক্ষেত্রে সতর্ক থাকার ও তাদেরকে বর্জন করার আহ্বান জানাই। “

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এম ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।