২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়দিন পর খালেদা-তারেককে চিনবে না বিএনপি: নাছিম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ‘বিএনপির কেউ না’ এমন মন্তব্যের জের ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, "কয়দিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবে না।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 12:02 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

মঙ্গলবার রাজধানীর শনির আখড়ায় শনি মন্দির সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানাধীন দনিয়া ইউনিয়নের ৬০ নং ওয়ার্ডের ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বিএনপি নাকি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চেনে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই। কয়দিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না।

"বিএনপির মহাসচিব সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।"

নাছিম বলেন, "বিএনপি-জামায়াত দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে, দেশে আইএস সৃষ্টি করতে চায়।

“তাই তারা সবসময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ মনের আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো দেশের ক্ষতি মেনে নেবেন না।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করব। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দেব।

“শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ব।"

সম্মেলন উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।