২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর সিপিবির কংগ্রেস ২৫-২৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 06:44 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে সারাদেশ থেকে আসা প্রতিনিধি পর্যবেক্ষকদের নিয়ে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিপিবি সভা বলেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, ভোটাধিকার নিশ্চিত করতে 'চল চল ঢাকা চল, ভোটাধিকার আদায় কর' কর্মসূচির মাধ্যমে গণজাগরণ ও গণঅভ্যুত্থানের কর্মসূচি এ কংগ্রেস থেকে আসবে।

"আমাদের অন্যতম এজেন্ডা নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে।"

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দ্বাদশ কংগ্রেস প্রস্তুতি পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী চার বছর পর পর কংগ্রেস হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে এক বছরের বেশি সময় পর কোভিড স্বাস্ধ্যবিধি মেনে দ্বাদশ কংগ্রেসের আয়োজন করা হয়।

‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ স্লোগান নিয়ে সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "কাঙ্ক্ষিত প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রস্তুতির একটি পদক্ষেপ সিপিবির দ্বাদশ কংগ্রেস।"

ইতোমধ্যে দেশে দলের সব শাখা, উপজেলা ও জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা কমিটিগুলোর সম্মেলনে ৪৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের উদ্বোধন অধিবেশনে মোট ২২৯ জন ‘ভেটারেন কমরেডদের’ সংবর্ধনা দেওয়া হবে।

কংগ্রেসের উদ্বোধন অধিবেশনে সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম সভাপতিত্ব করবেন। আর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সহিদুল্লা চৌধুরী, শাহাদাত হোসেন ও নুরুল হাসান এবং কংগ্রেস প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান লক্ষী চক্রবর্তী বক্তব্য রাখবেন বলেও জানান কংগ্রেস প্রস্তুতি পরিষদের আহ্বায়ক।