২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ সিপিবির

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে কমিউনিস্ট পার্টি (সিপিবি) নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 11:55 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বুধবার রাজধানীর পল্টনে এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “আজকে বাজারে ফুল কপির দাম ৫০ টাকা। কৃষক দাম পাচ্ছে না, আবার আমাদের চড়া দামে কিনতে হচ্ছে। সব লাভ মধ্যসত্ত্বভোগীদের।

“আর এই মধ্যসত্ত্বকারীরা সরকারের এজেন্ট। প্রতিটি জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না।”

ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টি আয়োজিত সমাবেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন শুনছি বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ানো হবে। গরিব মানুষ তো শেষ, মধ্যবিত্তরা নাকাল অবস্থা।

“এ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল চালের দাম ১০ টাকা রাখবে। এখন মোটা চাল যেটা ১০ টাকা রাখার কথা সেটাও ৫০ টাকা। তারা বলেছিল, জিনিসপত্রের দাম বাড়ানো হবে না। এখন দেখি উল্টো হচ্ছে। কোনোভাবেই গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো মেনে নেওয়া হবে না।”

দেশের ৯৫ শতাংশ মানুষ সরকারের কাছে জিম্মি হয়ে আছে দাবি করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, “দেশ আজ দুই ভাগে বিভক্ত। দেশের ৫ শতাংশ মানুষ সরকারের সুবিধা পাচ্ছে। আর ৯৫ শতাংশ মানুষ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। তারা দিন দিন গরিব হচ্ছে। আমরা সেই ৯৫ ভাগ মানুষের পাশে আছি।

“আজকে দেশ লুটেরা রাজনীতিবিদ, লুটেরা আমলা দিয়ে চলছে। আজকে মুক্ত বাজারের কথা বলছেন কিন্তু রড, সিমেন্ট, চাল ডাল থেকে শুরু করে সকল জায়গায় সিন্ডিকেট।”

সবাইকে এর প্রতিবাদে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার দাম বাড়ার জন্য বাণিজ্যমন্ত্রীকে দায়ি করে বলেন, “জিনিসপত্রের দাম বাড়ানো হয় সিন্ডিকেটের মাধ্যমে। আর এই সিন্ডিকেটের সঙ্গে সরকারি দল জড়িত, সরকারের বাণিজ্যমন্ত্রী জড়িত।

“জনগণের পকেট কাটা হচ্ছে। মুরোদ থাকলে জিনিসপত্রের দাম কমান, বাজার নিয়ন্ত্রণ করুন। দাম কমাতে না পারলে পদত্যাগ করুন।”

সমাবেশের আগে পল্টন মোড় থেকে মিছিল শুরু করে জিপিও, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে বায়তুল মোকাররমের সামনে দিয়ে তা পল্টন মোড়ে সমাবেশস্থলে শেষ হয়।