২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের মত ‘গণজাগরণ’ প্রয়োজন: সেলিম

দুর্নীতি, লুটপাটের ও দুঃশাসনের ‍বিরুদ্ধে ১৯৭১ সালের মত ফের ‘গণজাগরণ’ গড়ে ওঠা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 04:14 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

তার ভাষায়, “মাত্র ১ শতাংশ লোক আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। ৫৪ শতাংশ বাঙালির ন্যায্য হিস্যা আদায়ের জন্য একাত্তরে যেমন সংগ্রাম করেছি, ৯৯ শতাংশের ন্যায্য হিস্যা আদায়ের জন্য একইভাবে আমাদের সংগ্রাম গড়ে তোলা প্রয়োজন।”

শুক্রবার সকালে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন এই বাম নেতা।

একই দিনে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখারও সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবে দলের কাউন্সিল প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “এক সময় বাংলার সম্পদ পাঞ্জাবে, পশ্চিম পাকিস্তানে পাচার করা হত। আমরা লড়াই করেছিলাম পূর্ববাংলার সম্পদ বিদেশে পাচার করতে দেওয়া হবে না- এই আওয়াজ নিয়ে। সেই আওয়াজ প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম ১৯৭১ সালে।

“আজকে দেশের সম্পদ পাকিস্তানে নয়, পশ্চিমা দেশগুলোতে বড় বড় কোম্পানি পাচার করে নিয়ে যাচ্ছে। সেইটাকে বন্ধ করার জন্য একাত্তর সালের মতো একইভাবে প্রয়োজনে বিশাল গণজাগরণের মাধ্যমে সেই আন্দোলন পরিচালনা করাই যুক্তিসঙ্গত।”

বাঙালির স্বাধিকার আন্দোলনের স্লোগান ‘কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না’র কথা মনে করিয়ে দিয়ে সিপিবি সভাপতি বলেন, “সেই স্লোগানকে জলাঞ্জলি দিয়ে আজকে অল্প কিছু লোক ধন সম্পদের মালিক হয়েছে। আর দেশবাসীকে আজকে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে।”

দেশের বড় রাজনৈতিক দলগুলো ‘লুটপাটের ফন্দিফিকিরে ব্যস্ত’ মন্তব্য করে সেলিম বলেন, “বিএনপিও তাই করেছে। এখন আওয়ামী লীগ খুব সফলতার সঙ্গে সেটি করে চলছে। মানুষকে শুধু ভাত থেকে বঞ্চিত নয়, ভোটাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে।

“অবাধ ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। তাই নানা কলা-কৌশলের মাধ্যমে ‍জনসমর্থন না থাকলেও ভোটের প্রহসন করে গদি আঁকড়ে থাকার ফন্দি করছে। মানুষ যাতে কথা বলতে না পারে- জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন জনগণের ওপর চাপিয়ে দিয়ে, ডিজিটাল নিরাপত্তা আইন, অমুক আইন সম্মত কঠোর নিপীড়নমূলক আইন প্রণয়ন করে এই দেশে একটা ফ্যাসিস্ট শাসনের দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

‘লুটপাট ও দুঃশাসনের’ অবসান ঘটাতে বাহাত্তরের সংবিধান ‘কার্যকর’ করার দাবি জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, “আমাদেরকে সমাজতন্ত্রের দিকে যেতে হবে। গণতন্ত্র ও ধর্মনিপেক্ষতা ও জাতীয় মুক্তির ধারায় আবার ফিরে যেতে হবে।

“আজকে দেশবাসীকে সাহস দিয়ে কমিউনিস্ট পার্টিকে জানিয়ে দিতে হবে- আমরা আর ছোট শক্তি হিসেবে বিবেচিত হতে রাজি না। আমাদের একনিষ্ঠ তৎপরতা, জনগণের প্রতি ভালোবাসা, সংগ্রাম আন্দোলনের ভেতর দিয়ে গ্রামে গ্রামে, কল-কারখানায়, প্রতিষ্ঠানে কমিউনিস্ট পার্টি জনগণের সমর্থন নিয়ে এখানকার রাজনৈতিক শক্তি পরিচালনার জন্য আমরা অভিযান শুরু করব।”

কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, “আমরা শুধু গদির পরিবর্তন চাই না। আমরা এই দুঃশাসনের অবসান চাই। এবার শুধু বক্তৃতা নয়, রাজপথ দখল করে, জনতাকে সাথে নিয়ে আন্দোলনকে রাষ্ট্র ক্ষমতার পথে নিয়ে যাওয়ার জন্য কমিউনিস্ট পার্টিকে এগোতে হবে।

“অন্যান্য বামপন্থিদেরও সঙ্গে নিতে হবে। জোট-মহাজোটের বাইরে সৎ, দেশপ্রেমিক ও কল্যাণকামী শক্তি, গোষ্ঠীকে সাথে নিতে হবে। বিকল্প শক্তির জাগরণ ঘটিয়ে আমরা এই কর্তব্য সম্পাদন করব।”

দলের ঢাকা মহানগরের কর্মকাণ্ডকে আরও ‘পরিচ্ছন্ন, আরও গণমুখী ও তৃণমূলে কার্যকর’ করার জন্য মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান সেলিম। তিনি বলেন, দলের দ্বাদশ কংগ্রেস হবে আগামী ১০, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি।

সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।