২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলকে নিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব গণফ্রন্টের

রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়ে সব দলকে নিয়ে নির্বাচনকালীন ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছে গণফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 10:45 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

পাশাপাশি ওই সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য সুস্পষ্ট ঘোষণা চেয়েছে দলটি। এছাড়া নির্বাচন কমিশন গঠনে পাঁচ সদস্যের নামও তারা প্রস্তাব করেছে।

নতুন নির্বাচন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন, তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বঙ্গভবনে যায় গণফ্রন্ট।

গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন সংলাপ শেষে সাংবাদিকদের বলেন, “নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করা যেতে পারে।

“১৯৭১ সালের পর সংসদ নির্বাচনে যে সব রাজনৈতিক দলের সংসদে প্রতিনিধিত্ব ছিল, সে সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠিত হতে পারে। তবে বিতর্কিত সংসদ নির্বাচন বাদে জাতীয় সরকারের প্রধান থাকবেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী।”

নির্বাচন কমিশন নিয়ে নিজেদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, “আমরা মনে করি, কমিশনে ব্রিগেডিয়ার পদমর্যাদার কাউকে পদায়ন করা হলে কমিশন আপগ্রেড হবে না। নির্বাচন  কমিশনে  মেজর জেনারেল জেনারেল লেভেলের কাউকে দিতে পারে। তাহলে সিদ্ধান্ত দিতে তারা সাহস পাবে।”

সংবিধানে নির্বাচন কমিশনের সদস্য সিইসিসহ সর্বোচ্চ পাঁচজন নির্ধারিত থাকলেও গণফ্রন্ট নয়জনের সুপারিশ করেছে।

জাকির বলেন, “আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছি নয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। তিনজন নারী কমিশনার নিয়োগ দেওয়া যেতে পারে।”

এসব প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি কী বলেছেন- সাংবাদিকরা জানতে চাইলে গণফ্রন্ট চেয়ারম্যান বলেন, “আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে যাদের অর্থ রয়েছে, এমন কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সে প্রস্তাবকে রাষ্ট্রপতি ভালো বলেছেন। উনি আমাদের আরও কয়েকটি বিষয়ে একমত পোষণ করেছেন।”

সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “আলোচনাকালে গণফ্রন্টের প্রতিনিধিদল আইন প্রণয়নসহ ১৪ দফা প্রস্তাব পেশ করেন। তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী, সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন।”

নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধে আইনে সুস্পষ্ট ঘোষণা রাখার প্রস্তাব গণফ্রন্ট দিয়েছে বলে প্রেস সচিব জানান।