সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ‘অন্যায়ভাবে ব্যবহার’ করছে: ফখরুল
বিরোধীদের ‘দমনে’ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘অন্যায়ভাবে’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রদল নেতাকে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “সরকার সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা কোনো ভিন্নমত বা চিন্তাভাবনা সহ্য করে না। গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে অন্যায়ভাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চায়। সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করছে।
“আমরা আবারও বলছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতনের প্রতিউত্তর জনগণই দেবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ করে বিএনপি। দলটির অভিযোগ, সমাবেশে পুলিশের গুলিতে ছাত্রদলের শাহ রাজীব আহমেদ রিংগন, আবদুল আহাদ তুষার, সাইদুর রহমানসহ অন্তত শতাধিক নেতাকর্মী আহত হন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রিংগনকে হবিগঞ্জ থেকে রাজধানীর সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে দেখতে সেখানে যান মির্জা ফখরুল। চিকিৎসকদের কাছ থেকে রিংগনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আপনারা দেখেছেন, তার সমস্ত শরীর গুলিবিদ্ধ। ভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখ, পিঠে ও বুকে গুলি লেগেছে। আমাদের কাছে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যে এভাবে গুলি চালানো হয়েছে।”
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ শাম্মী আখতার, মহানগর দক্ষিন বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন।
