২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার কিংবা জিত, খেলোয়াড়দের পাশেই থাকুন: রাদওয়ান

নিউ জিল্যান্ডকে হারানো বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি জয়-পরাজয় সব সময়ই খেলোয়াড়দের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 10:29 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে সবাই টাইগারদের জয় উদযাপন করছে। তবে এই দুর্দান্ত তরুণদের ব্যর্থতার সময় যারা দূরে ঠেলে দেয়, তাদের জন্য এই জয় নয়।

“এই খেলোয়াড়রা যখন বাজে ফর্মে ছিল, তখন তাদের যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তার কোনো ব্যাখ্যা হয় না। চলুন, আমরা খেলোয়াড়দের সব সময় সমর্থন দেই। সুসময়ের ভক্তদের কোনো জায়গা নেই।”

নিউ জিল্যান্ডের মাটিতে বুধবার প্রথমবারের মতো স্বাগতিকদের টেস্টে হারায় টাইগাররা। ৮ উইকেটে জয় পেয়েছে মুমিনুল হকের তরুণ দল।

সর্বশ্রেষ্ঠ যে জয়  

Image
পঞ্চম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ফাইল ছবি: আসিফ মাহমুদ অভি

পঞ্চম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ফাইল ছবি: আসিফ মাহমুদ অভি

সিআরআইর ট্রাস্টি হিসেবে দেশের তরুণদের সৃজনশীলতার বিকাশে নানা কাজ করে যাচ্ছেন রাদওয়ান।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট, ‘মুজিব’ গ্রাফিক নভেল এবং ‘হাসিনা: এ ডটার’স টেল’র মতো সৃজনশীল উদ্যোগগুলো এসেছে রাদওয়ান মুজিবের হাত ধরে।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধ করার কাজে যুক্ত।