২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

খালেদার বিদেশযাত্রা: আরও ৪০ জেলায় সমাবেশ করবে বিএনপি

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আরও ৪০টি জেলায় সমাবেশ করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 06:03 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

আগামী ৮ জানুয়ারি শনিবার থেকে ছয় দিন ধরে জেলা পর্যায়ে দ্বিতীয় ধাপে বিভিন্ন জেলায় এসব সমাবেশ হবে।

বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান হয়।

আগামী ৮, ১২, ১৫, ১৭, ২২ ও ২৪ জানুয়ারি সমাবেশগুলো হবে ৪০টি সাংগঠনিক জেলায়।

এগুলো হচ্ছে: রাজশাহী, কুমিল্লা, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নীলফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, শেরপুর, বাগেরহাট, রাঙ্গামাটি, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরবান, মৌলিভীবাজার, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, চাঁদপুর, সাতক্ষীরা, সৈয়দপুর ও শরীয়তপুর।

এর মধ্যে রাজশাহী মহানগর, রংপুর মহানগর, কুমিল্লা উত্তর-দক্ষিণ, বরিশাল উত্তর ও দক্ষিণ, খুলনা মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর মহানগরের বাইরে সমাবেশ হবে।

খালেদার কিছু হলে সরকারের সবার ‘বিচার’ করার হুঁশিয়ারি ফখরুলের  

এসব সমাবেশে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা সমন্বয় করে অংশ নেবেন।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ করে বিএনপি।

এসব সমাবেশের মধ্যে সিরাজগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন সমাবেশে হামলা ও গুলিবর্ষণ এবং কক্সবাজার, ফেনীসহ কয়েকটিতে ১৪৪ ধারা জারি করলেও তা ভঙ্গ করে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।

একই দাবিতে এর আগে বিএনপি গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচিও করেছে।

গত ১৩ নভেম্বর থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।