২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনস্রোত দেখে ভয়ে’ মামলা দিচ্ছে সরকার: ফখরুল

বিএনপির কর্মসূচিতে ‘জনস্রোত দেখে ভীত’ সরকার নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারো ‘মামলা দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 04:34 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ৩২ জেলায় দলের কর্মসূচিতে ‘পুলিশি হামলার’ অভিযোগ তুলে ধরে রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন দলটির মহাসচিব।

তিনি বলেন, “আমাদের যে শাস্তিপূর্ণ প্রতিবাদ-শান্তিপূর্ণ কর্মসূচি, এর মধ্য দিয়ে যে দাবি আদায়ের প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে, হামলা করছে, গুলিবর্ষণ করছে, গায়েবি মামলা দিচ্ছে।

“এসব কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, এই দেশের জনগণ একবারও চায় না যে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক এবং এভাবে গণতন্ত্রকে ধ্বংস করুক। এটা প্রমাণিত হয়েছে যে, দেশনেত্রীর মুক্তি দেশের মানুষ এই মুহুর্তে চান এবং তার চিকিৎসার জন্য বিদেশে এই মুহূর্তে পাঠাতে চান।”

সিরাজগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, গাজীপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে পুলিশি বাধা দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “এই সমাবেশগুলোতে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাতে উদ্বিগ্ন হয়ে ভীত হয়ে আওয়ামী লীগের কর্মী-নেতা এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রতিটি কর্মসূচিতে বাধা প্রদান করেছে, চেষ্টা করেছে।… কখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি আক্রমণ, কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে আক্রমণ করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে।”

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এ কথা দৃঢ়তার সাথে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং তারা রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, দেশনেত্রীর মুক্তি এবং একইসঙ্গে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সক্ষম হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সোমবারের বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানান ফখরুল।

‘অস্ত্রধারীদের হামলা অশুভ লক্ষণ’

গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের সংঘর্ষের সময় অস্ত্রধারীদের তৎপরতার যে ছবি সংবাদমাধ্যমে এসেছে, সে প্রসঙ্গ ধরে ফখরুল বলেন, “এই যে দেশের মধ্যে অস্ত্রধারীরা প্রকাশ্যে এসে গেছে- এটা শুভ লক্ষণ নয়।

“এরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। অথচ এই অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সন্ত্রাস করবে তারা, আবার তারা বিরোধীদলের ওপর দোষ চাপাচ্ছে। আমরা অবিলম্বে অস্ত্রধারীর গ্রেপ্তার ও তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এখন পর্যন্ত ছয়টা মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মধ্যে সরকার বাদী হয়ে মামলা করেছে চারটা এবং আওয়ামী লীগের লোকজন করেছে দুইটা। গতকাল আমরা মামলা করতে গিয়েছিলাম রাত্রে বেলা। কিন্তু আমাদের মামলা নেওয়া হয়নি।

“যারা অস্ত্র নিয়ে সমাবেশের দিন ঘুরে বেড়াল, পত্রিকায় ছবি এল, তাদের বিরুদ্ধে কেনো মামলা হল না? যারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে সরকার মামলা করল। এই হচ্ছে সিরাজগঞ্জের অবস্থা।”

বিভিন্ন স্থানে সমাবেশে ‘ক্ষমতাসীনদের হামলায়’ আহত নেতা-কর্মীদের আলোকচিত্র  সংবাদ সম্মেলনে দেখান মির্জা ফখরুল।

অনদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা মহানগরের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।