মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর
টঙ্ক আন্দোলনের নেতা ও উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে খুলছে তার স্মৃতি সংরক্ষণে নির্মিত জাদুঘর।
নেত্রকোনার সুসং দুর্গাপুরে আগামী ৩১ ডিসেম্বর ‘কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর' উদ্বোধন’ হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রধান দপ্তর মুক্তি ভবনে মণি সিংহ মেলা উদযাপন কমিটি এই সংবাদ সম্মেলন করে।
সিপিবির সভাপতি মণি সিংহ ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মারা যান। মণি সিংহের জন্ম কলকাতায় হলেও তার মা ছিলেন সুসং দুর্গাপুরের জমিদার পরিবারের মেয়ে।
ব্রিটিশ শাসনামলে সেখানেই টঙ্ক প্রথার বিরুদ্ধে কৃষকদের আন্দোলন সংগঠিত করে সারা ভারতে পরিচিত হয়ে উঠেন মণি সিংহ। এই অঞ্চলের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তি মণি সিংহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন।
মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই দুর্গাপুরে মেলার আয়োজন করা হয়। এবার ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সেই মেলার মধ্যেই উদ্বোধন হবে জাদুঘর।
আকাশ বলেন, ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের ইতিহাসকে ধরে রাখতে ইতোপূর্বে বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে দুর্গাপুরে ‘টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়। স্তম্ভটি নির্মাণে জমি দান করেছেন প্রয়াত স্থানীয় সাংসদ জালাল উদ্দিন তালুকদার, স্মৃতিস্তম্ভের নকশা করেন স্থপতি ও কবি রবিউল হুসাইন, স্তম্ভের নির্মাণ নকশা ও স্থাপনা তৈরিতে সহযোগিতা করেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ।
“নকশায় স্মৃতি জাদুঘর থাকলেও আর্থিক সামর্থ্যরে অভাবে এতদিন তা নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর। কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে গৌরবগাথা ইতিহাসের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মেলা উদযাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী।
তিনি জানান, মেলায় রাজনৈতিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতা ও সংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে হবে। প্রতিদিন আলোকচিত্র প্রদর্শনী, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও খাবারের নানা আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে সিপিবি নেতা মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, আব্দুল কাদের, মেলা উদযাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ উপস্থিত ছিলেন।
