ওবায়দুল কাদেরের অবস্থার ‘উন্নতি’
হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তবে অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আরও দুই-এক দিন হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নিতে হয়েছিল তাকে।
কদিন আগে অসুস্থ অনুভব করার পর মঙ্গলবার বিএসএমএমইউতে গেলে তাকে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেও জানান তিনি।
শারীরিক অবস্থার বিবরণ দিয়ে ডা. শারফুদ্দিন বলেন, “উনার ডায়াবেটিস (রক্তে শর্করার মাত্রা) গতকাল ১২ ছিল, এখন ৫। ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন সব কিছু স্বাভাবিক।
“আমরা উনার পরীক্ষা-নিরীক্ষা করেছি। ওনার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আরও দু’একদিন অবজারভেশনে রেখে আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব।”
