খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ‘দুর্বার আন্দোলন’ চান ফখরুল
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ‘আন্দোলনের গতি আরও কঠোর করার’ প্রস্তুতি নিতে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে গুরুতরভাবে অসুস্থ এবং ডাক্তাররা বলেছেন যে, তার বাইরে যাওয়া খুব প্রয়োজন ও ইতিমধ্যে যাওয়া প্রয়োজন।কেন?
“তারা বলছেন যে, ইতিমধ্যে যে চিকিৎসাটা প্রয়োজন সেই চিকিৎসা দেশে নেই, যা দিলে তিনি সুস্থ হবেন। সরকার সেটা করতে দিচ্ছে না, করতে দিতে চাচ্ছে না।”
খালেদার সুচিকিৎসায় বিদেশে পাঠানোর কাজ শুধু কথায় হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা যে আন্দোলন শুরু করেছি এ আন্দোলনের গতি-প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে।
“দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়েই মুক্ত করেই আমরা তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে পারব এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারব।”
মির্জা ফখরুল বলেন, “যে কোনো আন্দোলনকে সফল করতে চান তাহলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। আপনার যদি সংগঠন শক্তিশালী থাকে, আপনি সব আন্দোলনকে সফল করতে পারবেন। সংগঠন যদি শক্তিশালী না থাকে আপনি কোনো আন্দোলনে সফল হবেন না।
“এ কারণে আমি বিশ্বাস করি, কৃষক দলকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে গুছিয়েছেন। আরও দ্রুত, আমার পরামর্শ হচ্ছে, আপনারা ছড়িয়ে পড়েন। প্রত্যেকটি জেলা-উপজেলা-ইউনিয়নে সংগঠন তৈরি করে কৃষক ভাইদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন এবং তাদের সমস্যাগুলো সামনে নিয়ে আসেন।”
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৮০ সালের ১১ ডিসেম্বর কৃষক দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।
গত ৭ ডিসেম্বর সংগঠনটির ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি।
‘আমলা নির্ভর সরকার’
বিএনপি মহাসচিবের অভিযোগ, “আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়, এটা একটা দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে তারা কিন্তু দেশ চালায় না। দেশ চালায় আমলা এবং তারা গণতন্ত্রের বাইরে দেশ পরিচালনা করছে।
“আপনারা দেখেছেন যে, কী অবস্থা করেছে বাংলাদেশের? বেশি দূর যাওয়ার দরকার নেই। গতকালকে (শনিবার) দেখেছেন আপনারা এখানে আমাদের একটা প্রতিষ্ঠান র্যাব তাকে আজকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আমেরিকা থেকে। তাদের উচ্চপদস্থ কর্মকর্তা তারাও সেখানে অগ্রহণযোগ্য। এবং তাদেরকে বলা হয়েছে যে, যেতে পারবে না, তাদের কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।”
আওয়ামী লীগ এ অবস্থা তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, “
আমাদের দেশের প্রতিষ্ঠান যেগুলোকে নিয়ে আমাদের গর্ব করা উচিত সেই প্রতিষ্ঠানগুলো তারা ধবংস করে দিয়েছে শুধু তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য।“
এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের আন্দোলনই একমাত্র পথ বলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও যুগ্ম সম্পাদক টিএস আইয়ুবের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কৃষক দলের গৌতম চক্রবর্তী, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, এসএম ফয়সল, খন্দকার নাসিরুল ইসলাম, আনম খলিলুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
