গ্যালারিতে বসে খেলতে পারবেন না: মান্নান
গণতন্ত্র না উন্নয়ন দেশে কোনটি বেশি প্রাধান্য পাবে, তা নিয়ে বিতর্কে জড়িয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মঈন খান।
সোমবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত দিনব্যাপী সংলাপে ”এলডিসি থেকে উত্তরণ এবং কার্যকর উন্নয়ন সহযোগিতা” শীর্ষক অধিবেশনে এ বিষয়ে পাল্টাপাল্টি কথা বলেন তারা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বিতর্কের শুরু হয় মঈন খানের বক্তব্য দিয়ে। তিনি বলেন, “গণতন্ত্র ও সুশাসনের অভাবে গত ১৫ বছরে দেশে অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে।
“জোরপূর্বক তুলে নিয়ে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষের অনেক লোককে নিখোঁজ করে ফেলা হয়েছে। এবং কত নারী ধর্ষণের শিকার হয়েছে তার কোনো হিসাব নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানিমূলক মিথ্য মামলা হয়েছে।”
তিনি বলেন, “গণতন্ত্র ও সুশাসন না থাকায় দেশে বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না। মজুদ অর্থ পাচার করা হয়েছে।
“গত ১০ বছরে কী পরিমাণ মুদ্রা পাচার হয়েছে তার হিসাব বলছে না কেউ।“
বক্তব্যের শেষে ড. আবদুল মঈন খান এলডিসি থেকে উত্তরণে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতার সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিকে অন্তর্ভূক্ত করা প্রয়াজন বলে মনে করেন।
তার বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “গণতন্ত্র না উন্নয়ন আগে এ বির্তকের জবাব হচ্ছে, জনগণের জন্য যা অগ্রাধিকার হওয়া উচিত তাই করছে সরকার।
“আপনারা বলে বেড়াচ্ছেন দেশ গণতন্ত্র নেই। অথচ দেশে কী প্রাণবন্ত নির্বাচন হচ্ছে। শত শত লোক। আপনারা প্রথমে বললেন আমরা নির্বাচন করব না। কিন্তু আপনাদের পার্টির লোকজন বেনামিতে নির্বাচন করছেন। এখন আপনারা বলছেন, হ্যাঁ নির্বাচন করতে পারে, কিন্তু আমরা তাদের অ্যালাউ করিনি।“
তিনি বলেন, “পরিষ্কারভাবে যদি গণতন্ত্র চান আপনারা, তাহলে প্র্যাকটিস করতে হবে।
“খেলায় যে কোনও খেলোয়াড় রং শট খেলতে পারে। আমি রং শট খেলতে পারি, আপনিও রং শট খেলতে পারেন। তাই বলে ম্যাচ ছেড়ে চলে যাবেন?”
একজন ভালো খেলোয়াড় কখনই মাঠ ছেড়ে চলে যেতে পারেন না মন্তব্য করে মান্নান বলেন, “গ্যালারিতে বসে খেলতে পারবেন না।”
এসময় ‘বর্তমান সরকার বৈধ নয়’ বলে মঈন খানের বক্তব্যের উত্তরে মন্ত্রী বলেন, “আমরা আইনের শাসক। আইন দ্বারা প্রতিষ্ঠিত শাসক। আমরা আইন দিয়ে আইনের জন্য।
“বরং আপনাদের অতীত ভাল নয়। আপনারা বন্দুক নিয়ে সেনানিবাস থেকে ক্ষমতা দখল করে রাজনীতিতে এসেছেন। আর আমরা গ্রাম খাল বিল মাঠ ও মাটি থেকে উঠে এসেছি।“
তিনি বলেন, “আপনাদের দল জায়গায় জায়গায় মাইন পুঁতে গেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই মাইন থেকে বাঁচার জন্য সাবধানে পা ফেলে চলতে হয়।“
দুর্নীতি নিয়ে মন্ত্রী বলেন, এখন দুর্নীতি, মানিলন্ডারিং এবং বেগমপাড়াসহ অনেক ধরনের কথা হচ্ছে। কিন্তু কেউ প্লেটভর্তি পোলাও খেলে কিছুটা মাটিতে পড়ে। সেটা খেতে আবার পিঁপড়াও আসে। কিন্তু খালি প্লেট মাটিতে রাখলেও পিঁপড়া আসে না।
“আমি চোরের সাপোর্টার মোটেই নয়। চোরা না শুনে ধর্মের কাহিনী। তাই আমরা চোর ধরার জন্য আইনি করেছি।”
সংলাপে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সিয়া টেম্বন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম উচ্চ প্রবৃদ্ধির দেশের একটি। বাংলাদেশের এ অগ্রযাত্রায় পিছিয়ে পড়া মানুষকে অন্তভূক্ত করা এখন সময়ের দাবি।
২০২৬ সালের পর বিশ্ববাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি ও ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, সবার ওপরে সরকারকে এসব চ্যালেঞ্জকে স্বীকৃতি দিতে হবে।
