রাজপথেই স্থায়ী ঠিকানা বানাতে হবে, কর্মীদের বললেন রিজভী
সরকার হটানোর আন্দোলনে নেতা-কর্মীদের ‘রাজপথেই স্থায়ী ঠিকানা’ বানানোর পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার এক মানবন্ধনে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই রাজপথই আমাদের ঠিকানা হতে হবে। অন্যথায় কেউ আমরা বাঁচতে পারব না। শেখ হাসিনা ভয়ঙ্কর এক নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই নীল নকশা আমাদেরকে ব্যর্থ করে দিতে হলে রাজপথেই আমাদের স্থায়ীভাবে বাড়ি-ঘর, বাসা-বাড়ি তৈরি করে থাকতে হবে।”
রিজভী বলেন, “গণতন্ত্রের মুক্তি, বাক স্বাধীনতার মুক্তি, কণ্ঠস্বরের মুক্তি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের রাজপথেই শপথ নিতে হবে।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে ‘সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে’ অভিযোগ করে রিজভী বলেন, “আমাদের জীবনের কোনো মূল্য নাই, নিরাপত্তা নাই। আপনি মিটিং করে যাবেন, কাকে যে তুলে নিয়ে যাবে, কাকে যে কি করবে তার কোনো নিশ্চয়তা নেই।
“আমি অবিলম্বে মোসাব্বিরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি।”
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে রিজভী বলেন, “তারেক রহমান বক্তব্য রাখলে, রাজনৈতিক কথা বললে আপনি ষড়যন্ত্র দেখেন। ষড়যন্ত্র এই সরকারই করছে জনগণের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। ১৪ বছর ক্ষমতায় থেকে আপনি দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
রাজবন্দিদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই মানবব্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেস সেলিম, জাতীয়তাবাদী যুব দল সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিন বিএনপির হাবিবুর রশীদ হাবিব, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা মানবন্ধনে বক্তব্য দেন।
