২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ শান্তিতে, অশান্তি কেবল বিএনপিতে: কাদের

আওয়ামী লীগের দেশ পরিচালনায় দেশের মানুষ শান্তিতে আছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অশান্তি’ কেবল বিএনপিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 04:39 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বিএনপি নেতাদের কথার জবাবে শনিবার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে। বিএনপির আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুনে পুড়ছে।

“দেশের মানুষের চোখ ও মনের ভাষা যারা বোঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।”

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আনতে বিএনপির চাওয়ার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে,  এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ?

“আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই। আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে।”

তিনি বলেন, “বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে। আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।”

“জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে,” বলেন তিনি।