২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার ব্যবস্থা দলীয়করণের শিকার: ফখরুল

দেশের বিচার ব্যবস্থা দলীয়করণের শিকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 12:45 AM

Updated : 07 Apr 2022, 11:52 PM

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে।

“এখানে এখন বিচার পাওয়াটা একটা প্রায় অসম্ভব, ন্যায় বিচার পাওয়াটা। কারণ তারা যেখানে প্রধান বিচারপতিকে (সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা) ১১ বছর সাজা দেয়া হয়েছে।”

বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা এখন নেই বলে দাবি করেন তিনি।

ফখরুল বলেন, “আজকে সঙ্কটটা অত্যন্ত গভীর। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের যা কিছু অর্জন ছিলো আমরা সব কিছু হারিয়ে ফেলেছি।

“ভয়াবহ ফ্যাসিস্ট একটা সরকার আমাদের ঘাড়ের ওপর চেপে বসে আমাদের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে দিচ্ছে। এর হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “আজকে দেখুন কোথাও নিরাপত্তা নেই। আজকে দেখুন যে, আইন আক্ষরিত অর্থে মানুষের বিরুদ্ধে করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে মানুষের কথা স্বাধীনতার সম্পূর্ণভাবে দমন করা হয়েছে। চার হাজার মানুষের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয়া হয়েছে।

“অর্থাৎ ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে সমাজে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে মানুষকে কথা বলা, প্রতিবাদ করার যে স্বভাবজাত যে বোধ আছে, তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।”

সব রাজনৈতিক সংগঠন, ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন বিএনপি মহাসচিব।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত ‘জাতীয় কমিটি’র উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই আলোচনা সভা হয়।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শাহজাহান ওমর, শ্যামা ওবায়েদ, জয়নাল আবেদীন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।