ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জাপার
ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে নৌ দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার এক শোকবার্তায় ওই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জিএম কাদের বলেছেন, “নৌ দুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।”
সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া সদরের লইসকার বিলে শুক্রবার বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।
ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। পুলিশ বালুবোঝাই ট্রলারের তিন জনকে আটক করেছে।
