২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে ‘প্রস্তুত’ থাকতে বললেন ওবায়দুল কাদের

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ‘অস্থিতিশীলতার’ আশঙ্কা প্রকাশ করে ছাত্রলীগকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 08:26 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

শোকের মাস উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “মনে রাখবেন, শিক্ষাঙ্গনগুলোতে নানান কৌশল, অপকৌশলে অস্থিরতা তৈরি হবে। শিক্ষাঙ্গন খুলতে যাচ্ছে। অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের কিন্তু আটঘাট বেঁধে নামতে হবে।

“অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে।”

ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বালাদেশে ষড়যন্ত্রের রাজনীতি এখনও চলমান। বাংলার আকাশে এখনও ষড়যন্ত্রের গন্ধ। তরুণদের সতর্ক হতে হবে। সামনের দিনে আরও কঠিন চ্যালেঞ্জ আছে।

“দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে ক্ষমতার মঞ্চে পরিবর্তনের পর এখানে যারা উল্লসিত, তাদের মতলব কী, উদ্দেশ্য কী তা বুঝতে হবে।”

বিভিন্ন আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “সামাজিক আন্দোলনের কোটা সংস্কার, সড়ক নিরাপদ… এসব আন্দোলন তো আমরা দেখেছি। আন্দোলনের নামে যে অরাজকতা আমরা দেখেছি।

“সেই প্রস্তুতির সাথে সাথে অস্থিতিশীলতার প্রস্তুতিও তারা নিচ্ছে। ষড়যন্ত্রকে, ষড়যন্ত্রের স্রোতকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজেই ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুইপড হতে হবে।”

এসময় মেধা ও সৎ ছাত্র রাজনীতিকে ‘সময়ের বাস্তবতা’ হিসেবে বর্ণনা করে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে মাঠে নামতে বলেন ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, “আমি ছাত্রলীগকে বলব, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সাথে অচ্ছেদ্য বন্ধনে জড়িত। সে গৌরব আমি আবারও দেখতে চাই। ছাত্রলীগকে সেই গৌরবের ধারা ফিরিয়ে আনতেই হবে। 

“খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। সততা দিয়ে, কর্ম দিয়ে, সাহস দিয়ে, মেধা দিয়ে, চরিত্র দিয়ে সাধারণ ছাত্রদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তুলতে হবে। দিস ইজ ভেরি ইম্পরটেন্ট।”