২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী জাতিকে ‘কলঙ্কমুক্ত’ করেছেন: তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ‘কলঙ্কমুক্ত’ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 07:39 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

শোকের মাস উপলক্ষে রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্রা' শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এ মন্তব্য করেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ, জাতিকে দিয়েছিলেন মুক্তির স্বাদ। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪। দেশের অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এটাই কি তার অপরাধ? এর জন্যই কি এ হত্যাকাণ্ড?

“খুনিচক্র বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের সমৃদ্ধি সহ্য করতে পারেনি, তাই দেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল।”

মুরাদ হাসান বলেন, "পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু তা কখনোই পরিবারকে আঘাত করেনি। মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু প্রায় দশ মাস পাকিস্তানের জেলে ছিলেন, সেখানে তাকে হত্যা করতে পারেনি। ১৫ অগাস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিল একটি রাষ্ট্রের অগ্রযাত্রা, একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। এই হত্যকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সকল অর্জনকে ধ্বংস করতে চেয়েছিল।” 

পরে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বরিশালে মেয়র সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বিরোধের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বরিশালের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সাথে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকবে।”

অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, তথ্যসচিব মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক  শাহিন ইসলামসহ দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন।