‘জিয়ার মুখোশ’ উন্মোচন করতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার খুনির মুখোশ উন্মোচন করতে হলে ‘জিয়ার মুখোশ উন্মোচন করতেই হবে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তার এ মন্তব্য আসে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, “বাঙালি জাতি অনেক কেঁদেছে, আর কাঁদতে চায় না। বঙ্গবন্ধু হত্যার খুনির মুখোশ উন্মোচন করতেই হবে; আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই খুনির নাম জিয়াউর রহমান। এই খুনির মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।”
মুরাদ হাসান বলেন, জাতির পিতা কখনো আপস করেননি, পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পাননি, মাথা নিচু করেননি। সে শিক্ষাই তিনি জাতিকে দিয়ে গেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
অন্যদের মধ্যে তথ্য সচিব মকবুল হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা আলোচনা সভায় অংশ নেন।
