টিকা নিয়ে ‘অপরাজনীতি’ ক্ষমতাসীনরাই করছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল নয়, টিকা নিয়ে ক্ষমতাসীনরাই ‘অপরাজনীতি করছে’।
সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতি ইংগিত করে শনিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের এমন মন্তব্য আসে।
তিনি বলেন, “টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।”
টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার ‘তৈরি করতে পারেনি’ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তির সম্ভাবনাকেও বিনষ্ট করেছে তারা।”
দেশের জনসংখ্যা আর টিকা পাওয়া মানুষের সংখ্যার তুলনা তুলে ধরে ফখরুল বলেন, “অবিলম্বে টিকা সংগ্রহে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সকল উৎস থেকে টিকা সংগ্রহ করতে হবে।”
সেই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহাসচিব।
‘লকডাউন তুলে নেওয়া আত্মঘাতী’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ডেল্টা করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ অব্যাহত থাকার পরও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল এবং ১৯ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে বিএনপির স্থায়ী কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী।”
লকডাউন কেন ফলপ্রসূ হয়নি- সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির মতামতও মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
“ বিএনপি বরাবরই বলে এসেছে, দিনে এনে দিনে খায় মানুষের খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুরি ছিল। সরকার কর্ণপাত করেনি। সেই কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসূ হয়নি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার ও সিটি করপোরেশনগুলোর ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এইসিড মশা নিধনের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।”
‘জনগণকে সম্পৃক্ত করে’ মশা নিধনের কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
