কোভিড রোগীদের জন্য ছাত্রলীগের ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’
করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য সারা দেশে বিনামূল্যে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কর্মসূচির উদ্বোধন করেন।
সারাদেশে ছাত্রলীগের বিভিন্ন শাখা ও ইউনিটে চলমান অক্সিজেন সেবার সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে আরও ৭০টি নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ কর্মসূচি চালু করেছে ছাত্রলীগ। এর মধ্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় উপহার দিয়েছেন বলে ছাত্রলীগ জানিয়েছে।
ছাত্রলীগ নেতারা জানান, দেশের যে কোনো এলাকা থেকে ০১৭১১৯২৮৭৪৯, ০১৭২৭৫১১৫৭৩, ০১৬৭০৭১৬২৯৭, ০১৬৭২১৩৫০৭৬ নম্বরে ফোন করলে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।
আল নাহিয়ান খান জয় অনুষ্ঠানে বলেন, “করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকে আমরা যে কার্যক্রমগুলোকে চালাচ্ছি তার একটি অংশ হল বিনামূল্যে অক্সিজেন সেবা। সারাদেশে এই কার্যক্রম চলমান আছে। সেই কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভাগীয় মেডিকেলগুলোর সঙ্গে সমন্বয় করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিনে আমরা তার নামে এ কর্মসূচি চালু করছি।”
তিনি বলেন, “কোভিডে আক্রান্ত হয়ে কারও শ্বাসকষ্ট হলে বা অক্সিজেন সংকটে পড়লে আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করলে আমরা বিভিন্ন মাধ্যমে তাদের বাসায় বা হাসপাতালে সিলিন্ডার পৌঁছে দেব। বঙ্গমাতা অক্সিজেন সেবা কার্যক্রম মূলত মেয়েরাই প্রধান্য দিয়ে চালাবে। এছাড়া আমরা সবাই সম্মিলিতভাবে কার্যক্রমে সম্পৃক্ত থাকব।”
এ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আরও সিলিন্ডার যুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, সাংসদ শেখ তন্ময় আরও ৫০টি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যতদিন পর্যন্ত এ মহামারী না কাটছে, ততদিন ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গত বছর জুনে রাজধানীতে সংকটাপন্ন রোগীদের জন্য বিনামূল্যে জরুরি অক্সিজেন সরবরাহে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ চালু করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ।
শুরুতে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুধু ঢাকায় এই সেবা চালু হলেও বর্তমানে ১৮৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ১০ জেলায় এ সেবা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত প্রায় নয় হাজার রোগী তাদের অক্সিজেন সেবা পেয়েছেন বলে জানিয়েছেন সাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বঙ্গমাতা অক্সিজেন সেবার পাশাপাশি জয় বাংলা অক্সিজেন সেবাও চলমান থাকবে। কোভিডে আক্রান্ত রোগীদের এখন প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আমরা যত বেশি পারছি, এই কর্মসূচি বিস্তৃত করছি।”
