ঢাবিই উপমহাদেশের প্রথম অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়: গাফফার
বঙ্গভঙ্গ রদের পর মুসলমানদের সান্তনা দিতে সাম্প্রদায়িক উদ্দেশ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জনপ্রিয় ধারণা সঠিক নয় বলে মনে করেন ভাষাসৈনিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।
তিনি বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত আছে যে, মুসলমানদের খুশি করার জন্যে এই বিশ্ববিদ্যালয় আলীগড় বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠা করা হয়। প্রকৃতপক্ষে সমসাময়িককালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না।”
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে আবদুল গাফফার চৌধুরী এসব কথা বলেন।
ঔপনিবেশিক আমলে বঙ্গভঙ্গ রদের রাজনৈতিক প্রতিক্রিয়ায় ঘটনার আবর্তে ১৯২১ সালের ১ জুলাই রমনার সবুজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ববঙ্গের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।
শতবর্ষপূর্তিকে বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুতি নিলেও দেশে করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠানে নভেম্বরে পেছানো হয়েছে।
তবে শতবর্ষপূর্তি উপলক্ষে অনলাইনে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিকেলে লন্ডন থেকে ভার্চুয়াল এই আলোচনা সভায় যোগ দিয়ে আব্দুল গাফফার চৌধুরী ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: ফিরে দেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, “একটু লক্ষ্য করলেই দেখা যাবে, যদিও পূর্ববঙ্গের মুসলমান ছাত্রছাত্রীরা শুরুতে এখানে যোগ দিয়েছে, কিন্তু অধিকাংশ শিক্ষক ছিলেন অন্য সম্প্রদায়ের। রমেশচন্দ্র মজুমদার এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর ছিলেন।
“সুতরাং এই বিশ্ববিদ্যালয়টি সাম্প্রদায়িক উদ্দেশ্যে হয়েছিল, এই কথার সাথে আমি সহমত পোষণ করি না। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের প্রথম অসাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরতে গিয়ে এই কলামনিস্ট বলেন, “উপমহাদেশে আধুনিক শিক্ষা প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অসীম। কলকাতা বিশ্ববিদ্যালয়, আলীগড় বিশ্ববিদ্যালয় যে কাজটি করতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাজটি করেছে। একটি স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।
“বাংলা ভাষা এবং সাহিত্যকে চর্যাপদের আমল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ও শামসুর রহমান পর্যন্ত যেই স্রোত, সেই স্রোতকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষাকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করেছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, গত শতকের পঞ্চাশের দশক ছিল বাঙালি রেনেসাঁর সময়। বাংলায় শিল্প-সাহিত্য, জ্ঞানে-বিজ্ঞান চর্চায় নব উন্মেষের কাল। এই রেনেসাঁয় নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দশকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
“আরেকটি কীর্তি হলো- ত্রিশের দশকে এই বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধিমুক্তির আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, কবি আব্দুল কাদেরসহ আরো অনেকে যুক্ত ছিল।
“এই আন্দোলনে কাজী নজরুল ইসলামও যুক্ত ছিলেন।এই বুদ্ধি মুক্তির আন্দোলনের জন্য ওদেরকে ঢাকার নবাবরা ডেকে নিয়ে বন্দি করে অত্যাচার করেছিল। পরে তারা মুচলেকা দিয়ে বেরিয়ে এসে ঢাকা থেকে কলকাতায় চলে যায়।”
সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে তিনি বলেন, “নাট্য আন্দোলন এ বিশ্ববিদ্যালয়ে থেকেই শুরু হয়। অধ্যাপক মুনীর চৌধুরীর ভাষা সংগ্রামের উপর কবর নাটক দিয়ে তার সূচনা হয়। এই নাটক বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
“পঞ্চাশের দশকে দেশের নারীদের অভিনয় করার সুযোগ ছিল না। ১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নারীদের মঞ্চে অভিনয়ের সুযোগের দাবিতে আন্দোলন করেন।”
ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে এই ভাষাসৈনিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছাত্র জীবনটা ছিল দারুন উপ-বিপ্লবের কালে। ঢাকা তখন বায়ান্নোর ভাষা আন্দোলনে রক্তস্নাত। সেই রক্তগঙ্গা ধাক্কা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
“ভাষা শহীদ বরকত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। বিশ্বদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম বাংলা ভাষার আন্দোলন শুরু করেন। তার আগে অবশ্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে সেই দাবি তুলেছিলেন। সলিমুল্লাহ মুসলিম হল ছিল ভাষা আন্দোলনের ঘাটি।আর্টস ফ্যাকাল্টি ছিল আন্দোলনের মূল কেন্দ্র।”
ভাষা শহীদদের নিয়ে সংগীত রচনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ রফিকের লাশ দেখে আমি 'আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি লিখি, এখন যেটি ভাষা আন্দোলনের গান।
“এই গানটি প্রথম সুর দেন আব্দুল লতিফ। তারপরে সুর দেন শহীদ আলতাফ মাহমুদ। এই গানে সুর দেওয়ার অপরাধে আলতাফ মাহমুদকে পাকিস্তান হানাদার বাহিনী জঘন্যভাবে হত্যা করে।”
স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বর্ণনা করতে গিয়ে আব্দুল গাফফার চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয়। প্রায় সকল বিভাগের ছাত্র-শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন, তেমনিভাবে ভাষা আন্দোলনেও যোগ দিয়েছিলেন।
“২৬ মার্চ এবং ১৪ ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, তাদের অধিকাংশই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম ঢাকার রাজপথে ব্যারিকেট তৈরি করে।সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তুলনা এশিয়া মহাদেশে আছে- এটা আমার জানা নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে সেই প্রত্যাশা রাখেন তিনি।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সমাজের সর্বক্ষেত্রে নেতৃত্ব তৈরিতে এবং দক্ষ ও প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
“আমাদেরও প্রত্যাশা সেটাই, প্রকৃত মানুষ হিসেবে মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করে সমাজের সকল স্তরে নেতৃত্ব দেওয়া, এটিই হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের অন্তভুক্ত হওয়া।”
তিনি বলেন, “শিক্ষার গুণগত মান ও গবেষণা ও উদ্ভাবনের মানে যত ক্রম উন্নয়ন আমরা ঘটাতে পারব, ততই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান সুদৃঢ় হবে। মর্যাদাকর অবস্থানে পৌছার সকল উদ্যোগ আমরা অব্যাহত রাখছি।”
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন সমিতির নেতারা বক্তব্য দেন।
এর আগে সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসটির প্রতীকী কর্মসূচি শুরু হয়।
পরে দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল প্রাঙ্গণে একটি বুদ্ধ নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে শত বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
