২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের বিকল্প ছিল না: ওবায়দুল কাদের

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকারের সামনে লকডাউন জারির বিকল্প ছিল না মন্তব্য করে সাময়িক অসুবিধা হলেও নাগরিকদের বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 05:58 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন শুরুর পর বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

Image
ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের।

কাদের বলেন, “করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তার সিদ্ধান্ত জনগণের কল্যাণে নিবেদিত।

“গত কয়েকদিনে করোনায় ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু এবং উচ্চমাত্রায় সংক্রমণ ভয়ানক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। এমন অবস্থায় সচেতনতা ও সতর্কতার সর্বোচ্চ ডিগ্রি অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নেই।”

লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণের আহ্বানও জানান তিনি।

লকডাউন মানার আহ্বান তথ্যমন্ত্রীর

লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার মিন্টো রোডে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের স্বার্থে, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে দেশবাসীকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করার জন্য।”

Image
হাছান মাহমুদ

হাছান মাহমুদ

সরকার দীর্ঘমেয়াদে লকডাউনের পক্ষে না এবং এটি সমাধান বলেও মনে করে না বলেও জানান তিনি।

মহামারীর শুরু থেকে সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতা মারা গেছেন। আওয়ামী লীগের সংসদীয় দলের ১২৫ জনের বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের ৭/৮শ নেতাকর্মী ইতোমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির দুজনের পদত্যাগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সবাই আস্তে আস্তে পালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এই দুজন পদত্যাগ করেছে।”

আওয়ামী লীগ একচ্ছত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে তিনি সংসদ ও সংসদের বাইরে বিএনপি নেতাদের অবারিত কথা বলার বিষয়টি তুলে ধরেন।

বিপরীতে জাফরুল্লাহ চৌধুরীর ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ার ঘটনাটি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “এতেই প্রমাণত হয়েছে বিএনপির নিজেদের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নেই।”