দশ মানবাধিকার সংগঠনের বিবৃতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন কাদেরের
বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে ‘নিষ্ঠুর আচরণের’ যে অভিযোগ দশটি মানবাধিকার সংগঠন সামনে এনেছে, তা ‘অসত্য এবং উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ।”
দেশের অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ-বিদেশে ‘ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, “এ ধরনের উদ্দেশ্যমূলক এবং একচোখা দৃষ্টিভঙ্গির পরিচয় বহনকারী বিবৃতি বাংলাদেশের ইমেজ নষ্ট করার সংঘবদ্ধ অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
“মানবাধিকার সংগঠনের নামে দেশ ও সরকারবিরোধী এসব তৎপরতা পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।“
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ‘নির্যাতন ও নিষ্ঠুর আচরণের’ অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ‘ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি ‘চূড়ান্ত ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ দশটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
শনিবার একটি যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের উচিৎ বাংলাদেশে ‘গুম, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধে একটি রেজ্যুলেশন বা প্রস্তাব গ্রহণ করা।
ওইসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে কাদের বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেপ্তার ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগ করা হয়েছে, পরবর্তীতে এসব মিথ্যা প্রমাণিত হয়, যা অতি সম্প্রতি দেখা গেছে।”
বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে ‘অগ্নিসন্ত্রাসের সময়’ মানবাধিকার সংস্থা ‘কোথায় থাকে’- এমন প্রশ্নও করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
তিনি বলেন, “আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময়ে বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপর সরাসরি হামলার ছবিও দেখা যায়, দেখা যায় থানা আক্রমণসহ আগুন দেওয়ার ঘটনা। সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায়।এসব ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো ‘বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে’ নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ ‘প্রত্যাশিত নয়’।
“নিরাপত্তা হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার সরকার জনমনে শান্তি ও স্বস্তি বিধানে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।”
সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারি ফেনীর নুসরাত হত্যা, বরগুনার রিফাত শরিফ হত্যা, কক্সবাজারের সিনহা হত্যা বিভিন্ন ঘটনা এবং নারীর প্রতি অমর্যাদাকর ‘প্রতিটি ঘটনায় সরকার কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে’ বলেও মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী।
তিনি বলেন, “সকল অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। করোনাকালেও অর্থনৈতিক সূচক সমূহে ইতিবাচক ধারা এবং প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে, যা অনেকের সহ্য হয় না।”
