২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলা: ফিলিস্তিনের প্রেসিডেন্টকে মির্জা ফখরুলের চিঠি

ইসরায়েলি হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন, বিএনিপ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 07:06 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

বৃহস্পতিবার ঢাকার বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম ও গাজা এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ফিলিস্তিনি নাগরিকদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

দখলকৃত পূর্ব জেরুজালেমের একটি এলাকা ও আল-আকসা মসজিদকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পরে ইসরায়েল ও হামাস।

ইসরায়েলি বিমান থেকে গোলাবর্ষণের বিপরীতে ইসরায়েলের স্থাপনা লক্ষ্য রকেট ছুড়ে জবাব দিচ্ছে হামাস যোদ্ধারা। দুই পক্ষের সংঘর্ষ এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।

২০১৪ সালের যুদ্ধের পর গত ১০ দিনে ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখছে ফিলিস্তিন। এতে শতাধিক নারী-শিশুসহ গাজার অন্তত ২২৭ বাসিন্দা নিহত হয়েছে বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিঠিতে ইসরায়েলি হামলায় হতাহদের পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন বিএনপি মহাসচিব। নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও ‘হত্যাযজ্ঞের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনিদের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, “বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার আছে।”

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘এই কঠিন সময়’ উত্তরণের জন্য প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।