তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে স্বাধীন পেশায় আসার পরামর্শ
তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে ‘চাকরির চৌহদ্দিতে বন্দি না করে’ স্বাধীন পেশা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ওবায়দুল কাদের বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। জীবন মানে যুদ্ধ, যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে, কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না।
“তরুণদের চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নিতে হবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার কাজে হাত দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিসমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দিতে হবে।”
তরুণদের প্রতি মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে। তাদেরকে এসব অপরাধ থেকে দূরে থাকাতে হবে।”
করোনাভাইরাসের গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার ‘শিগগিরই’ একটি সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “করোনাভাইরাস মহামারী বিশ্বকে থমকে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
“নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সকলে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখুন।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি।
“এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। মাছে ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্ব মাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে।”
