জনগণকে জাগাতে হবে: ফখরুল
আওয়ামী লীগ ক্ষমতা স্থায়ীভাবে ধরে রাখার পরিকল্পনা ধরে এগোচ্ছে দাবি করে তা ঠেকাতে জনগণকে ‘জাগিয়ে’ তুলে আন্দোলনে নামার কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় দিবসে বুধবার বিএনপির আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন, ‘একদলীয়’ শাসন থেকে দেশকে মুক্ত করতে ‘আন্দোলনের কোনো বিকল্প নেই’।
মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই আলোচনায় যোগ দেন।
ফখরুল বলেন, “মুক্তিযুদ্ধের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো নষ্ট করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক কাঠামো তৈরি করছে পরিকল্পিতভাবে, তাদেরকেই ক্ষমতায় রাখার জন্য।
“তারা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই কাজ করছে। সেই লক্ষ্য হচ্ছে, তারা তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলোকে এখানে বাস্তবায়িত করার জন্য একটিমাত্র দলকে তারা ভিন্ন আঙ্গিকে ছদ্মবেশে রাখবে। এখানে বাকশালের মোড়কে বাকশালকে প্রতিস্থাপন করা হয়েছে।”
জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাষ্ট্রীয় প্রশাসনের কর্মকর্তা ও বিচারকদের রাজপথে মানববন্ধনের পেছনে সরকারি দলের হাত রয়েছে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের দেশ পরিচালনায় দেশ, সমাজসহ সর্বত্র বিভাজন চরমে উঠেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
এই অবস্থা বদলানোর পথ বাতলে তিনি বলেন, “আজকে আমাদের যে নেতা যার দিকে গোটা জাতি তাকিয়ে আছে পরিবর্তনের জন্য, তার নেতৃত্বে আমাদেরকে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে।
“জনগণকে জাগিয়ে তুলতে না পারলে কোনোদিন কোনো আন্দোলনই সফল হয় না। আমরা বিশ্বাস করি, সেই জাগরণের মধ্য দিয়ে আমরা আমাদের পরিবর্তন নিয়ে আসতে পারব।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতারা যে যে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, বিএনপি ও আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সে সে ক্ষেত্রে সফল। এজন্যই আজকে এই গায়ের জোরে সরকার ইতিহাসকে পাল্টিয়ে দিতে চায়।”
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রের লেবাসে একটা কর্তৃত্ববাদী স্বৈরতন্ত্র দেশে চালু আছে।
“এজন্য আজকে তিনটি এজেন্ডা আমাদের সামনে এসে পড়েছে। একটা সংগঠন, আরেকটা আন্দোলন এবং নির্বাচন। সংগঠনের কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করছেন। আমরা চেষ্টা করছি সকলে তার সাথে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করার জন্য।”
আন্দোলনের জন্য দেশের সব গণতন্ত্রমনা, গণতান্ত্রিক শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার কাজ করার উপর জোর দেন তিনি। পেশাজীবী-বুদ্ধিজীবীদের নিয়ে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ার পরামর্শও তিনি দেন।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আমরা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেছি। একটা কথা বলি, আওয়ামী লীগ স্বাধীন দেশে ফেরত এসে স্বাধীনতার গল্প শুনেছে, এদেশ কীভাবে স্বাধীন হয়েছে, কারা স্বাধীন করেছে, কে স্বাধীন করেছে- সেই গল্প তারা শুনেছে।
“কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন। স্বাধীনতার ইতিহাসের নায়ক এককভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা।”
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এমন একটি নাম ইতিহাসে জিয়াউর রহমান, যার ছবি পাহারা দিতে হয় না। আর অন্যের ছবি পাহারা দিতে হয়। সেই মান্না দে‘র সেই প্রসিদ্ধ গানটি বলে শেষ করতে চাই-কাগজে লিখো নাম, যে নাম ছিড়ে যাবে, পাথরে লিখো নাম, যে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, যে নাম চিরদিন রয়ে যাবে।”
স্থায়ী কমিটির আবদুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুও বক্তব্য রাখেন সভায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় ভার্চুয়াল আলোচনায় যুক্ত থেকে আলোচকদের বক্তব্য শোনেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
