সীমিত সুযোগের ভোটেও প্রতিবন্ধকতা-পক্ষপাত: ইসিকে বিএনপি
স্থানীয় সরকারের বিভিন্ন পদে বৃহস্পতিবারের ভোট সামনে রেখে প্রার্থীদের প্রচারে বাধা, প্রতিবন্ধকতা তৈরি, পক্ষপাত ও হামলা-মামলার অভিযোগ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার নির্বাচন ভবনে জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিদি দল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে শখানেক পদে সাধারাণ ও উপ-নির্বাচন রয়েছে ১০ ডিসেম্বর।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগেও’ সরকার নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আসন্ন পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-উপনির্বাচনের কোথাও কোথাও তাদের প্রার্থীদের বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি, হামলা, মামলা ও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।
খায়রুল কবির খোকনের স্বাক্ষর করা লিখিত অভিযোগপত্রে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরের মতোই এই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও বর্তমান সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সংকুচিত করে দিয়েছে, তবুও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু দুর্ভাগ্য, নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগেও সরকার নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
“এসব নির্বাচনে সরকার ও সরকার দলীয় প্রার্থীরা বেপরোয়াভাবে জনগণের ভোটাধিকার হরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা, সাধারণ মানুষের ভোট দানে বাধা, সরকারি দলীয় প্রার্থীদের বিজয়ী করার সব অপচেষ্টা অব্যাহত রেখেছে।”
অভিযোগ করার পরেও স্থানীয়ভাবে ‘কোনো প্রতিকার না পাওয়ার’ কথা তুলে ধরে অনিয়ম রোধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে প্রতিনিধি দল।
পাঁচ পৌরসভা, ছয় ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলার বিভিন্ন পদে উপ-নির্বাচনের কথা রয়েছে বৃহস্পতিবার।
ইউপি ও উপজেলায় ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পৌরসভায় ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এছাড়াও ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় এবং ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
