২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: জড়িতদের শাস্তি দাবি তরীকতের

কুষ্টিয়া শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 11:14 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী রোববার এক বিবৃতিতে ভাস্কর্য ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যেই শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ওই ভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটে।

তরীকত ফেডারেশনই প্রথম কোনো ধর্মভিত্তিক দল, যারা এর নিন্দা জানিয়ে বিবৃতি দিল।

বিবৃতিতে বলা হয়, “কোনো দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। হামলা-হাঙ্গামার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে।"

সিসিটিভি ভিডিও দেখে কুষ্টিয়ার পুলিশ ইতোমধ্যে স্থানীয় একটি মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে আটক করেছে।

যে মৌলবাদীরা জাতির পিতার ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে, তাদের হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “যদি কেউ মনে করেন, তারা অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ধারণার ভুল।”