ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক বাম জোটের
ধর্ষণ-নারী নির্যাতন আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম জোট।
বৃহস্পতিবার জোটের পক্ষে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ সারা দেশে নারী ধর্ষণ-নির্যাতন, খুনের বিচার- সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা, আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে গণতান্ত্রিক বাম জোটের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রতন।
সভার প্রস্তাবে সারা দেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “সরকার নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকারের আমলে নারীর প্রতি সহিংসতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
“সরকার নারী ধর্ষণ- নির্যাতন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো আজ ধর্ষকের আশ্রয় প্রশ্রয়দাতা। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদেই নারীর উপর সহিংসতা চলছে।”
ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং আইনের ফাঁকফোকর গলে ধর্ষকরা বেরিয়ে যায় বলে তারা ‘আরও উৎসাহিত হচ্ছে’ বলে অভিযোগ করেন বাম নেতারা।
সভার প্রস্তাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আইনের সংশোধন, ধর্ষকদের সরকারি দলের ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়া, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের শাস্তির আওতায় আনাসহ নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বাম নেতারা।
ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের মিছিলে হামলার নিন্দা
দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবিতে উত্তাল ছাত্রদের মিছিলে হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি অভিযোগ করেন, মৌলভীবাজারে ধর্ষণের বিরুদ্ধে মিছিলে ‘ছাত্রলীগ হামলা চালিয়ে‘ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি বিশ্বজিত নন্দী, রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়নের নেতা শিহাব, আবু নাহিয়ানসহ ৮-১০ জন নেতাকর্মীকে ‘আহত করেছে’।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, “বর্তমান সরকার নারীর নিরাপত্তা দিতে পারছে না, উপরন্তু ধর্ষণের বিচার দাবিতে আন্দোলনকারীদের উপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা মৌরভীবাজারসহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।”
তিনি বলেন, “ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়া, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া, বিচারের দীর্ঘসূত্রতা ও বিচারের রায় কার্যকরে বিলম্ব, ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা, আইনের ফাঁকফোকর গলে ধর্ষণকারী ছাড় পেয়ে যাওয়া ইত্যাদি ধর্ষকদের উৎসাহিত করে চলেছে।”
