২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষের সমস্ত ইজ্জত গেছে: ফখরুল

বাংলাদেশে ধর্ষণ, নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের বিবৃতি দিতে হওয়ায় দেশের মানুষের সম্মান ‘মাটির সঙ্গে মিশে গেছে, বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 07:43 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারী ও তরুণদের পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ-নিপীড়ন বিরোধী এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, “আজকে সকালে দেখলাম যে, জাতিসংঘের প্রতিনিধি, তিনি বাংলাদেশে যে নারী নির্যাতনের হার বেড়ে গেছে, বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, সে বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন। এটা একটা বিরল ঘটনা।

“এই স্টেটমেন্টে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এই স্টেটমেন্টে এদেশের মানুষের সমস্ত ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজকে এই সরকার শুধু নারী নির্যাতন, নারী ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এই স্টেটমেন্ট তার বড় প্রমাণ।”

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে গত কয়েক দিন ধরে।

নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি স্বীকার করেছেন, এর দায় তারা এড়াতে পারেন না। পারবেন না। পারবেন কোত্থেকে। আপনারা যে সরকার তৈরি করেছেন সেই সরকারের সঙ্গে জনগণের তো কোনো সম্পর্ক নেই।

“জোর করে গায়ের জোরে বন্দুক-পিস্তল নিয়ে আগের রাত্রে ভোট ডাকাতি করে আপনারা বাংলাদেশের মানুষের যে অধিকার, যা লড়াই করে যুদ্ধ করে অর্জন করেছিল, সেই অধিকার আপনারা ছিনিয়ে নিয়েছেন। আপনারা ম্যান্ডেটবিহীন সরকার, নৈতিকতা বিরোধী সরকার। আপনাদের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার।”

‘একদলীয় শাসন’ প্রতিষ্ঠান জন্য সরকার জনগণের সব অধিকারকে ‘পায়ের তলায়-বুটের তলায় পিষ্ঠ’ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

“আমার প্রশ্ন, এই পরিস্থিতিতে কি কেউ কোনো দিন টিকে থাকতে পারে? ইতিহাস এই কথা বলে না। বাংলাদেশে কী এই ধরনের স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পেরেছে। পারে না। মানুষ উঠে দাঁড়াবেই।”

ফখরুল বলেন, “বিশেষ করে মা-বোনদের বলি, আপনাদের প্রতি যে অন্যায়-অবিচার চলছে, এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর ঘরে বসে থাকা নয়, আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিশেষ করে আমি তরুণদেরকে আহবান জানাব, আপনাদের জেগে উঠতে হবে।”

বাংলাদেশে একটি ‘নষ্ট সমাজ’ তৈরি করে দেওয়ার জন্য এই সরকারকে এক সময় ‘কাঠগড়ায় দাঁড়াতে হবে’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

“আমরা বার বার বলেছি যে, আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হোক, আপনারা আসেন, কথা বলেন। আপনারা রাজপথে দেয়ালের ভাষা পড়েন, মানুষের চোখের ভাষা বুঝতে শেখেন। এদেশের মানুষ একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ চায়।”

বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণকে সুশাসন দিতে ‘ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে ফখরুল বলেন,  “এদেশে নারীকে নির্যাতন থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন, নারীদের নিরাপত্তা ব্যর্থ হয়েছেন। কোভিডের মত একটা ঘটনা, যেটা সারা বিশ্বকে আলোড়িত করে দিয়েছে, সেখানে চরম  উদাসীনতা আপনাদের।

“কী করছেন আপনারা? জনগণকে মিথ্যা কথা বলছেন, ভুল প্রতিবেদন দিচ্ছেন। আমি তো মনে করি যে, আমাদের এখানে যারা আছেন, তাদের প্রত্যেকের বাড়িতে কেউ কেউ করোনায় আক্রান্ত। আমার ছোট ভাই আক্রান্ত।”

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করব।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জাতীয় নেতৃত্বের কাছে সারাদেশের মানুষ যে, আশা করছে, আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্ব সেই আশা পূরুণ করবে। বিএনপি সেই আশা পূরণের সূচনা নিয়ে রাস্তায় নেমেছে। আর রাস্তা থেকে ঘরে যাবে না। এই আস্থা ও বিশ্বাস রাখুন।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “যখন সারাদেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে, তখন আওয়ামী ছাত্রলীগ, আওয়ামী মহিলা যুব লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও রাস্তার মধ্যে নেমেছে দেখাতে যে ‘আমরাও প্রতিবাদ করি, আমরাও ধর্ষকদের বিচার চাই’। ফোর টুয়েন্টি একেবারে।”

বাংলাদেশ শিশু ও নারী অধিকার ফোরামের উদ্যোগে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ লেখা কালো কাপড় মু্খে বেঁধে এই এ অবস্থান কর্মসূচিতে যাগ দেন সংগঠনটির নেতাকর্মীরা।

শিশু ও নারী অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী ও সদস্য মীর নেওয়াজ আলী নেওয়াজের পরিচালানায় এ কর্মসূচিতে বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবু, দেওয়ান মো. সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক, সিমকি ইমাম, তমিজউদ্দিন মাস্টার, বজলুল বাসিত আনজু, আবদুল আলিম নকি, এজিএম শামসুল হক, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জিলানি, ফখরুল ইসলাম রবিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বক্তব্য দেন।