২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলায় ‘অগ্রগতি অচিরেই’

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলার ও যানজট নিরসনে শিগগরই অগ্রগতি হবে বলে আশার বানী শুনিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়ররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 10:43 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

মঙ্গলবার বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেটিনালাইজেশন’ কমিটির সভায় একথা জানান তারা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশন এবং টার্মিনাল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রতিবেদন হাতে পেলে আগামী সভা থেকে কাজ শুরু হবে।

“প্রতিবেদন হাতে পেলে এই কার্যক্রম আমরা বাস্তবভিত্তিক কার্যক্রমে পরিণত করতে পারবে। তবে আমরা দুই মেয়র ইনশাআল্লাহ দৃঢ়তার সাথে বলতে পারি, ভবিষ্যতে অগ্রগতি হবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “শতকরা ৬৩ ভাগ মানুষ বাসে চলাচল করে। আমরা দুই সিটি করপোরেশনের মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনা করেছি।

“প্রয়াত মেয়র আনিসুল হক যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টার ধারাবাহিকতায় ঢাকা সিটির দুই মেয়র আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছি। এটার একটা রূপ অচিরেই দেখা যাবে। জনগণের স্বপ্ন বাস রুট রেশনালাইজেশনে দুই মেয়র একত্রে কাজ করবো এই নিশ্চয়তা আজকে দিতে পারি।”

তবে আগের ১১টি বৈঠকের কোনো ফলাফল না আসার কারণ বলতে পারেননি দুই মেয়রের কেউ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তাপস বলেন, “আগেও সময়সীমার দিয়ে সেটা রক্ষা করা যায়নি। সুতরাং কোন সময় সীমা না দিয়ে এটা বলতে পারি, আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। সেই নিষ্ঠার প্রতিফলন আপনারা পাবেন।”

ডিএসসিসি মেয়র তাপস বৈঠকের শুরুতে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট বাস রুট রেশনালাইজেশন কমিটি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে যাদের নাম দেওয়া আছে বা যে পদের বিপরীতে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে, এই বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে তাদেরকেই আসতে হবে। কারণ, প্রজ্ঞাপনে কোনো প্রতিনিধি বা উপযুক্ত প্রতিনিধি প্রেরণের বিধান রাখা হয়নি। এখন থেকে কেউ প্রতিনিধি পাঠালে আমরা ধরে নেব তিনি অনুপস্থিত। প্রতিনিধিকে উপস্থিতি হিসেবে আমরা দেখাব না।”

তাপসের সভাপতিত্বে আতিকুল ছাড়াও অন্যদের রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম,  বিআরটিএ চেয়ারম্যান মীর মোহাম্মদ মজুমদার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ দুই সিটি কর্পোরেশনের ঊর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।