২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ‘গণবিরোধী’ হলে ‘কথা বলবে’ জাপা

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আইনে ‘গণবিরোধী’ কিছু দেখলে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে ‘সরব হবেন’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2020, 12:13 AM

Updated : 18 Aug 2022, 03:41 PM

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির কো-চেয়ারম্যানদের জরুরি বৈঠক শেষে তিনি একথা জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (এ) থেকে ৯০ (ই) পর্যন্ত অনুচ্ছেদ নিয়ে এখন আলাদাভাবে বাংলায় নতুন একটি আইনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

জিয়াউদ্দিন বাবলু বলেন, “জনবিরোধী হলে, জনগণের ভোটাধিকারের বিপক্ষে গেলে বা রাজনৈতিক দলের চর্চা সংকুচিত করে দিলে আমরা অবশ্যই কথা বলব।”

গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন চালু হয়। প্রস্তাবিত ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ এর ওই খসড়া বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় মতামতের জন্য।

সেখানে বলা হয়েছে, নতুন দলের নিবন্ধন পেতে তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি শর্ত পূরণ করতে হবে।

১. আবেদন করার তারিখ থেকে পূর্ববর্তী দুটি সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসন পেতে হবে।

২. ওই সংসদ নির্বাচনে যে কোনো একটিতে আবেদনকারী দলের অংশগ্রহণ করা আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ পেতে হবে

৩.  যদি দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকে এবং অন্তত ১০০ উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন থাকে।

বিদ্যমান নীতিমালায় নিবন্ধনের শর্ত তুলনামূলক সহজ।

আসন্ন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন জাতীয় পার্টি ‘গুরুত্ব দিয়ে দেখছে’ বলে জানান জিয়াউদ্দিন বাবলু।

তিনি বলেন, “সামনে পাঁচটি উপনির্বাচন। আমরা প্রত্যেকটি উপনির্বাচনে অংশগ্রহণ করব।”

জাতীয় পার্টির মহাসচিব আশা প্রকাশ করেন, উপ-নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

“আমরা আশা করব, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করবে। চারটি উপ নির্বাচনে এই  নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে, যাতে জনগণের উৎসাহ থাকে।”

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এবং সালমা ইসলাম।

দল নিবন্ধনে বিতর্কিত আইনের খসড়ায় ইসির অনুমোদন