মানবিকতার উদাহরণ তৈরি করেছেন চিকিৎসকরা: কাদের
করোনাভাইরাস মহামারীতে চিকিৎসকরা ভূমিকার প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “সংকটের শুরু থেকে দেশের চিকিৎসক সমাজ সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। মানবিকতার অনুপম উদাহরণ তৈরি করেছে আমাদের চিকিৎসক সমাজ।
“১০৭ জন চিকিৎসক প্রাণ দিয়েছেন। নার্সরা টেকনোলজিস্টরা প্রাণ দিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় দুই হাজার। পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই লড়াই করছেন। চিকিৎসকদের পরেই জীবণ দিয়েছেন সবচেয়ে বেশি পুলিশ বাহিনী।”
কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “এসব বিষয়ে আপনারা যারা নেতৃত্বের আসনে রয়েছেন তাদের করণীয় রয়েছে বলে আমি মনে করি।”
দেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা অর্জনে সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান তিনি।
“বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। একথা ঠিক যে চিকিৎসাক্ষেত্রে আমাদের আরো কাজ করার সুযোগ রয়েছে। আরো জনবল, চিকিৎসা যন্ত্রপাতি, টেকনিশিয়ান দরকার। আমাদের সুরক্ষা সামগ্রীরও ঘাটতি রয়েছে। পৃথিবীর অনেক দেশে…আমেরিকা, ব্রিটেনও সুরক্ষা সামগ্রীর সংকটে ভুগছে। এসব বিবেচনায় বাংলাদেশ চিকিসা ক্ষেত্রে সক্ষমতা অর্জনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।”
দেশে প্রায় ৯০টির বেশি জায়গায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে। আজ সংক্রমণের মাত্রা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ফলে বিশেষজ্ঞদের আশঙ্কার চেয়ে কম অথবা নিয়ন্ত্রণে রয়েছে অনেকটা।
“তবে এতে আত্মতুষ্টির কিছু নেই। সংক্রমণ উচ্চমুখী না বললেও নিম্নমুখী বলা যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছ। ভারতের দিকে চেয়ে দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। আমাদের শৈথিল্য না দেখিয়ে সতর্ক থাকা দরকার।”
চিকিৎসা ব্যবস্থায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার সম্প্রতি দুই হাজার চিকিৎসক, পাঁচ হাজার নার্স নিয়োগ দিয়েছে। গত কয়েক বছরে ১৮ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।
“প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালে সক্ষমতা বাড়ানো হচ্ছে। উদ্যোগ নেয়া হয়েছে প্রতি জেলায় আইসিইউ কমপ্লেক্স স্থাপনের। অধিক সংখ্যক মেডিকেল কলেজ, বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা হয়েছে।”
